স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান বাংলার শুরু হয়েছিল মহারাষ্ট্রের বিরুদ্ধে হার দিয়ে। প্রথম ম্যাচের সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করল অভিমন্যু ঈশ্বরণের দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নিল বাংলা। ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচের সেরা অভিষেক পোড়েল। আর বল হাতে চণ্ডীগড়ের ব্যাটিংকে কার্যত গুঁড়িয়ে দিলেন মুকেশ কুমার, করণ লালরা। বাংলার ২০০ রানের জবাবে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে গেল চণ্ডীগড়ের ইনিংস।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল চণ্ডীগড়। কিন্তু অভিষেক পোড়েলের আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় প্রতিপক্ষ। মাত্র ২৬ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন অভিষেক। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও তিনটি ছয়। ২০৩.৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করে চণ্ডীগড়ের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন তিনি। ওপেনিংয়ে করণ লালের সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি বাংলাকে বড় রানের ভিত গড়ে দেয়। করণও ১৫ বলে ২৩ রান করে দ্রুত রান তোলেন।
এর পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ২২ বলে ২৯ রান করেন।
শাকির হাবিব গান্ধীর অবদান ২৪ বলে ৩৪। শেষ দিকে রিশভ চৌধুরী মাত্র ১৯ বলে ৩৩ রান করে ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার। যুবরাজ কেশওয়ানি করেন সাত বলে সাত রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০০ রান তোলে বাংলা। চণ্ডীগড়ের হয়ে ভগমেন্দর লাথের ৩০ রানে দু'টি এবং সন্দীপ শর্মা ৪৩ রানে দু'টি উইকেট নেন। চিরাগবীর ধিন্ডসা ও রোহিত ধান্ডা একটি করে উইকেট পেলেও বাকি বোলাররা বাংলার রান তোলার গতি আটকাতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চণ্ডীগড়। অরুণ আজাদ ২৬ বলে ৪৭ রান করে একা লড়াই চালান। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয়। ভগমেন্দর লাথের ১৪ বলে ১৭ এবং রমন বিষ্ণোই ১১ বলে ১৫ রান করেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
বাংলার বোলিংয়ে সবচেয়ে বড় ধাক্কা দেন মুকেশ কুমার। মাত্র ২.৫ ওভারে ন'রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। করণ লাল চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। প্রদীপ্ত প্রামাণিকের ঝুলিতে দু'টি উইকেট। মহম্মদ শামি পান একটি। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় চণ্ডীগড়ের ইনিংস।
ব্যাটে অভিষেক, বলে মুকেশ-করণদের দাপট— সব মিলিয়ে মহারাষ্ট্রের কাছে হারের পর বাংলার প্রত্যাবর্তন যে বেশ জোরাল, তা বলাই যায়। ম্যাচের সেরা অভিষেক পোড়েল। প্রথম হারের পর এই জয় বাংলার আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।




