নিউজ ডেস্ক: এবার খ্রিস্টান মিশনারি স্কুল বন্ধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে কলকাতার ওই নামী মিশনারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, ধর্মের কারণে বা গেরুয়া পোশাক পরার জন্য কাউকে হেনস্তা করা হলে তা বরদাস্ত করা হবে না।
নিউ আলিপুরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক অভিযোগ করেন,'আসানসোল ও বর্ধমানে ধর্মান্তকরণের কাজ চলছে। কলকাতার একটি অভিজাত খ্রিস্টান কলেজের অধ্যক্ষও এই কাজে যুক্ত বলে দাবি করেন তিনি।' যদিও কলেজের নাম প্রকাশ্যে আনেননি বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে কলকাতার বিশপ পরিতোষ ক্যানিংকে খোঁজখবর নেওয়ার পরামর্শও দেন তিনি।
শমীকের বক্তব্য,'খ্রিস্টধর্ম প্রচারের অধিকার সকলের রয়েছে। কিন্তু জোর করে, প্রলোভন দেখিয়ে বা হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করে ধর্মান্তকরণের চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।'
পাশাপাশি কলকাতার একটি অভিজাত মিশনারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে শমীক ভট্টাচার্য আরও বলেন, 'বিজেপির এক মহিলা কর্মীকে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। এমনকি, পড়ানোর সময় পদ্মফুলের নাম উচ্চারণ না করার নির্দেশও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। স্কুল কর্তৃপক্ষ এই নির্দেশ প্রত্যাহার না করলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। ওই স্কুলের এক আধিকারিকের চেম্বারে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শমীকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের মুখপাত্র হেরোদ মল্লিক অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, কোনও চার্চ বা প্রতিষ্ঠান বেআইনি কাজে যুক্ত থাকলে প্রশাসন তদন্ত করুক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিক। অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী শমীকের বক্তব্যের সমালোচনা করে বলেন, আইনবিরুদ্ধ কাজ হলে প্রশাসন ব্যবস্থা নেবে। মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এভাবে নিশানা করা উচিত নয়।




