নিউজ ডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর কেটে গিয়েছে মাত্র ছ মাস। এরই মধ্যে শাসক শিবিরের অন্দরে একের পর এক অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে। কোথাও প্রভাব খাটানোর অভিযোগ, কোথাও আবার ক্ষমতার নাম ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ। এবার এমনই এক ঘটনায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের গুরুত্ব এতটাই যে, দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার কেন্দ্রে নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ করন। তিনি বিজেপির নন্দকুমার ১ মন্ডল কমিটির সহ-সভাপতি। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া এবং ঠিকাদারদের কাজের বরাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় এই প্রতারণার জাল ছড়ানোর অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের মধ্যে রয়েছে, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিপুঞ্জয় প্রামানিক। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে তাঁকে বিজেপি প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিজিৎ তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, টাকা ফেরতও পাননি তিনি। একইভাবে খঞ্চির আরও এক নেতার কাছ থেকে বিধানসভায় প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগগুলি সামনে আসার পর বিষয়টি নিয়ে সক্রিয় হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের পর পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার অভিজিৎ করনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে পূর্ব মেদিনীপুরের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
তবে, আদালত থেকে বেরিয়ে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি। প্রায় ৬ কোটি টাকার অভিযোগের নেপথ্যে আর কারা রয়েছে, আদৌ কত টাকা লেনদেন হয়েছে এবং এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনিক তদন্তের পরেই সামনে আসতে পারে আরও তথ্য।




