বীরভূম: পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল রতন শেখের। রবিবার বীরভূমে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। পুলিশি দাবি, আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। কী ঘটেছিল সেদিন? কেন অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালাতে হল? সোমবার সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ।
https://www.facebook.com/share/v/1CfSokDhjb/
পুলিশ সুপার জানান, রতন শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অপরাধের অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে মোট ৩৬টি পুরনো মামলা রয়েছে। চুরি, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। বিভিন্ন জেলেও ছিলেন। ঘটনার দিন বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পান রতন।
এরপর পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় প্রথমদিকে তিনি পুলিশকে অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন বলে দাবি SP-র। পরে পাওয়া তথ্য যাচাই করে ফের তাঁকে জেরা করা হয়। ১৩ নভেম্বর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর কোথায় কোথায় গিয়েছিলেন এবং কোথায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিলেন, সেই সমস্ত তথ্য পুলিশকে জানান রতন।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ তাঁকে নিয়ে যায় নানুরের একটি ইটভাটায়। পুলিশ সুপারের দাবি, সেখানে পৌঁছনোর পর আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা জায়গা খুঁজতে শুরু করেন রতন। আচমকাই তিনি বসে পড়েন। এরপর ঝোপের ভিতর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালান। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে।
এরপরই আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায় বলে দাবি করেছেন পুলিশ সুপার। তাঁর বক্তব্য, গুলির ঘটনার পরেও রতন দাঁড়িয়ে ফের গুলি চালানোর চেষ্টা করেন। সেই সময় তিনি গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আর দেরি না করে আহত রতনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। নানুরের বিপিএসসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, এই ঘটনা ঘিরে বীরভূমে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, গোটা অভিযান আত্মরক্ষার তাগিদেই চালানো হয়েছে। তবে এনকাউন্টারের ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।




