পানিহাটি: পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। দলের অন্দরের সংঘাত, কর্মীদের মধ্যে বিবাদ এবং মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার প্রকাশ্যে এসেছে রাজনৈতিক অস্বস্তি। মৃত কর্মীর বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করতে গিয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন মন্ত্রী অর্জুন সিং এবং দিলীপ ঘোষ। দু’জনের বক্তব্যেই উঠে এসেছে রত্নার মন্তব্য নিয়ে অসন্তোষ।
ঠিক কী বলেছিলেন রত্না দেবনাথ? রবিবার মৃত বিজেপি কর্মী অরূপ সাহার বাড়িতে যান পানিহাটির বিধায়ক। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মৃত কর্মীর সন্তানদের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়েন রত্না। সেই সময়ই আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, “বিজেপি ক্ষমতায় না এলেই হয়তো ভালো হত।” তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অরূপের মতো একজন কর্মীকে প্রাণ হারাতে হল। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। দলের ক্ষমতায় আসার পরেও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
রত্নার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, আবেগের বশে এমন মন্তব্য করা ঠিক নয়। রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি। অর্জুনের মতে, কোনও অপরাধ ঘটে থাকলে প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর দাবি, এই ঘটনায় গ্রেফতারিও হয়েছে। তাই প্রকাশ্যে এ ধরনের মন্তব্য না করাই ভালো।
একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের বক্তব্যেও। তাঁর মতে, দলের মধ্যে কোনও সমস্যা থাকলে তা দলের নেতৃত্বের কাছে জানানো উচিত। সংবাদমাধ্যমের সামনে অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করলে সমস্যার সমাধান হয় না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে। কোথায় সমস্যা হচ্ছে, কেন এমন ঘটনা ঘটছে, তা দলের তরফে খতিয়ে দেখা প্রয়োজন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি নেত্রী রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদের পর দলেরই কয়েকজন কর্মী রুমা সাহাকে প্রকাশ্যে গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে এগিয়ে আসেন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপরই অসুস্থ হয়ে পড়েন অরূপ। তাঁকে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
অরূপের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে কারা জড়িত, তা নিয়ে তদন্তের দাবি উঠছে। একদিকে কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ, অন্যদিকে দলের অন্দরেই প্রকাশ্যে মতবিরোধ, সব মিলিয়ে পানিহাটির ঘটনা বিজেপির অস্বস্তি আরও বাড়িয়েছে। এখন দেখার, এই বিতর্কে দলের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ করে এবং অরূপ সাহার মৃত্যুর ঘটনায় তদন্ত কতদূর এগোয়।




