নিউজ ডেস্ক: বীরভূমের নানুরে পুলিশ কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত যুবক ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টার প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গও উঠে আসে। সেই প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা বলেন, 'যোগীজি-র হয়ে আমি কিছু বলতে পারব না। কারণ যোগীজি কখনও আমার সঙ্গে কথা বলেননি। এনকাউন্টার নিয়ে তাঁর সঙ্গে আমার কোনও আলোচনাও হয়নি।'
এরপরই রাজ্যে পুলিশের উপর হামলা এবং এনকাউন্টার নিয়ে কড়া অবস্থানের কথা জানান তিনি। অগ্নিমিত্রার বলেন, 'এখানে যখনই কেউ পালানোর চেষ্টা করেছে বা পুলিশের উপর হামলা চালিয়েছে, তখনই গুলি চলেছে এবং এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তাই কাউকে রেয়াত করা হবে না।' গতকাল মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, 'কেউ যদি আমাদের পুলিশকে আক্রমণ করে বা হত্যা করে, তাহলে আমরা নিশ্চয়ই তার উপর পুষ্পবৃষ্টি করব না। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।' বীরভূমের এনকাউন্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই অগ্নিমিত্রার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শনিবার রাতে গুলিবিদ্ধ ওই কনস্টেবলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, 'পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।' তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই রবিবার দুপুরে গ্রেফতার করা হয় রতন শেখকে। কয়েকঘণ্টার ব্যবধানে এনকাউন্টার। পুলিশের গুলিতে খতম রতন শেখ। এরপরেই এনকাউন্টারের পর পুলিশের আত্মরক্ষার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পুলিশকে মারতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনও স্থান নেই। পুলিশকে যে গুলি মারবে, ডিউটিতে থাকা পুলিশ অন-স্পট তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কোনও সহনশীলতা নেই, জিরো টলারেন্স! বাংলায় এক জনও ধর্ষক বা গুন্ডা থাকবে না।'
প্রসঙ্গত, শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে গুলি করে পালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয় পুলিশের গুলিতে। রবিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। শুক্রবার সন্ধ্যায় গুলি চালানোর ঘটনার মাত্র দু’দিনের মাথায় এই এনকাউন্টারের খবর ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সোমবারেই রতন শেখের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে এনকাউন্টারে মৃত রতন শেখের দেহ।




