নিউজ ডেস্ক : নাশকতার জাল বিস্তার করতে এবার অন্য পন্থা অবলম্বন করলো আইএসআই। প্রেমের সম্পর্ককে হাতিয়ার করা হল। পুলিশের দাবি, পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল পাঞ্জাবের এক তরুণীর। প্রেমের প্রলোভন, আর্থিক লেনদেন এবং মাদক পাচারের পুরনো যোগাযোগকে কাজে লাগিয়েই তাঁকে নাশকতার কাজে যুক্ত করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং তাঁর সহযোগী দেবিন্দর সিংকে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পাকিস্তানে থাকা 'শাহ' এবং 'চাচা' নামে পরিচিত দুই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল মহকদীপের। তাঁদের নির্দেশেই রেললাইনে বিস্ফোরক বসানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশের পক্ষ থেকে অনুমান করা হয়েছে, মহকদীপের পরিবারের একাংশের সঙ্গে আগে থেকেই সীমান্তপারের মাদক পাচারকারীদের যোগাযোগ ছিল। তাঁর প্রাক্তন স্বামী করণবীর সিং মাদক পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। তাঁর ভাইও মাদক সংক্রান্ত মামলায় জেলবন্দি বলে জানা গিয়েছে। এই পারিবারিক যোগাযোগের সূত্র ধরেই পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে পরিচয় হয় মহকদীপের। ধীরে ধীরে সরাসরি যোগাযোগ তৈরি হয় 'শাহ'-এর সঙ্গে। তদন্তকারীদের দাবি, প্রেমের কথাবার্তা এবং টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে নিজেদের নেটওয়ার্কে টেনে নেওয়া হয়েছিল বলে সন্দেহ করছে তদন্তকারীরা।
বারে বারে নাশকতার ছক তৈরি করে তারা। তিনবার রাজস্থানে গিয়েছিলেন মহকদীপ ও দেবিন্দর। প্রথমবার ৬ অক্টোবর বিস্ফোরণের পরিকল্পনা করা হলেও বিস্ফোরক না থাকায় তা কার্যকর হয়নি বলে পুলিশের দাবি। এরপর ১২-১৩ অক্টোবর রেললাইনে টাইমার বোমা বসানো হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি বিস্ফোরিত হয়নি।
অবশেষে ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ শ্রীগঙ্গানগরের রামসিংহপুর এলাকায় রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের ক্ষতি হয়। ভেঙে যায় দুটি রেলওয়ে স্লিপার এবং লাইনের পাশে তৈরি হয় প্রায় আড়াই ফুট গভীর গর্ত।
রাজস্থান এটিএস, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে গুরদাসপুর থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।




