নিউজ ডেস্ক: উৎসবের আনন্দ আর উচ্চস্বরে বাজানো ডিজের তাণ্ডব কেড়ে নিল মাত্র কুড়ি দিন বয়সি এক সদ্যোজাতের প্রাণ। শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের বলিয়া জেলার মনিয়র থানা এলাকার মুড়িয়ারি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোতে থাকা শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও মৃত শিশুর পরিজনেরা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৩ নভেম্বর দুপুরে মুড়িয়ারি গ্রামে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় গ্রামের বাসিন্দা রিমা দেবী তাঁর কুড়ি দিনের কন্যাসন্তানকে নিয়ে নিজেদের কুঁড়েঘরের ভেতরে ঘুমোচ্ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় থাকা একটি ডিজে-বোঝাই ট্রাক ঠিক তাঁদের ঘরের সামনে এসে দাঁড়ায়। সেই ট্রাক থেকে অত্যন্ত তীব্র মাত্রায় গান বাজানো হচ্ছিল। আচমকা এই কানফাটানো আওয়াজে ঘুম ভেঙে যায় সদ্যোজাতের। বিকট শব্দে আতঙ্কিত হয়ে তীব্রভাবে কেঁদে ওঠে একরত্তি শিশুটি।
পরিবারের দাবি, আওয়াজের তীব্রতা যত বাড়তে থাকে, শিশুটির ছটফটানিও ততই বাড়তে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। সন্তানের সাড়াশব্দ না পেয়ে মা রিমা দেবী শিশুটির বুকে হাত দিয়ে দেখেন, হৃদ্স্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এবং শরীর শক্ত হতে শুরু করেছে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শিশুর পরিজনদের অভিযোগ, ট্রাকটি বাড়ির সামনে দাঁড়ানোর পর থেকেই তাঁরা শোভাযাত্রার উদ্যোক্তাদের কাছে ডিজের আওয়াজ কমানোর জন্য বারবার কাকুতি-মিনতি করেছিলেন। এমনকি বাড়ির সামনে থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু উৎসবের উন্মাদনায় মত্ত থাকা কেউই সেই আর্জিতে কর্ণপাত করেননি।
জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে মা ও সদ্যোজাতের দেখাশোনা করার মতো কেউ না থাকায় দিন দশেক আগেই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন রিমা দেবী। পরিবারের সদস্যরাই অত্যন্ত যত্নে মা ও মেয়ের দেখভাল করছিলেন। কিন্তু চোখের সামনে এমন অঘটন ঘটে যাওয়ায় শোকে পাথর হয়ে গিয়েছেন মা ও আত্মীয়স্বজন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মনিয়র থানার পুলিশ। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ডিজে অপারেটরকে আটক করার পাশাপাশি ডিজে-সহ ট্রাকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বলিয়ার ডেপুটি পুলিশ সুপার জয়শঙ্কর মিশ্র জানিয়েছেন, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




