সম্বলপুর (ওড়িশা): ওড়িশার সম্বলপুর জেলায় এক অত্যন্ত মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। পথদুর্ঘটনায় মৃত একটি কুকুরের দেহ থেকে মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা দেখে স্তম্ভিত নেটদুনিয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলার মানেশ্বর চক সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় কুকুরটির মৃত্যু হয়েছিল এবং তার মৃতদেহ রাস্তার ধারেই পড়ে ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পান, এক ব্যক্তি ওই মৃত কুকুরটির পাশে বসে অত্যন্ত অসহায় অবস্থায় তার দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের কথায়, ওই ব্যক্তির শারীরিক গঠন, পোশাক এবং আচরণ দেখে তাঁদের মনে হয়েছে, তিনি সম্ভবত মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি, তীব্র অনাহার এবং ন্যূনতম মৌলিক সহায়তার অভাব থেকেই তিনি এমন চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দৃশ্য দেখার পর তাঁরা এগিয়ে গিয়ে ব্যক্তিটিকে বাধা দেওয়ার এবং মৃত কুকুরটির মাংস খাওয়া থেকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু প্রথমে তিনি কারও কথায় বা অনুরোধে কান দেননি। একমনে খেয়েই চলেন।
এই ঘটনায় রাস্তায় বসবাসকারী ছিন্নমূল ও অসহায় মানুষদের ক্ষুধা, চরম দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। ভিডিওর দৃশ্য যেমন বহু মানুষকে স্তম্ভিত করেছে, তেমনই ঠিক কোন চরম পরিস্থিতি একজন মানুষকে এই পর্যায়ে ঠেলে দিতে পারে, তা নিয়েও ভাবিয়ে তুলেছে সমাজকে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের আর্জি, প্রশাসন যেন দ্রুত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাঁর জন্য খাবার, নিরাপদ আশ্রয় এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে।




