নিউজ ডেস্ক: সকালে জমা, বিকেলে খরচ! রাজ্যে পালাবদলের পর এমনই হুঁশিয়ারি দিয়েছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জের, রায়গঞ্জের পর এবার বীরভূম। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে একের পর এক পুলিশি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। রইল সেই তালিকা।
১) বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা (৮ জুলাই, ২০২৬)
* নিহত অভিযুক্ত: প্রভাস মণ্ডল।
* অভিযোগ: ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রধান অভিযুক্ত।
* ঘটনার বিবরণ: ঘটনার পুনর্নির্মাণের জন্য রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে সে পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে বলে পুলিশ দাবি করে। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
২) গাইঘাটা, উত্তর ২৪ পরগনা (২৭ অক্টোবর, ২০২৬)
* নিহত অভিযুক্ত: প্রহ্লাদ দাস।
* অভিযোগ: এক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ।
* ঘটনার বিবরণ: মধ্যরাতে ঘটনার পুনর্নির্মাণ সেরে ফেরার পথে সে এক পুলিশকর্মীর পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় মূল অভিযুক্তের।
৩. ধুলিয়ান, সামশেরগঞ্জ (২৭ অক্টোবর, ২০২৬)
* নিহত অভিযুক্ত: সামাউল হক
* অভিযোগ: সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত।
* ঘটনার বিবরণ: গাইঘাটার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ২৭ অক্টোবর দুপুরে ধুলিয়ানের পুরাতন ডাকবাংলো মোড় এলাকায় সিআইডি ও পুলিশ তাকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে যায়। পুলিশের দাবি অনুযায়ী, সেখানে সে এক আধিকারিকের বন্দুক ছিনিয়ে গুলি চালায়। তারপর পাল্টা গুলিতে নিহত হয়।
৪. রায়গঞ্জ, উত্তর দিনাজপুর (৯ নভেম্বর, ২০২৬)
* নিহত অভিযুক্ত: দিলীপ রায়।
* অভিযোগ: ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত।
* ঘটনার বিবরণ: রায়গঞ্জের কুলিক ফরেস্ট এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। পরে গোপন সূত্রে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়।
৫. শান্তিনিকেতন, বীরভূম (১৫ নভেম্বর, ২০২৬)
* নিহত অভিযুক্ত: রতন শেখ।
* অভিযোগ: শুক্রবার বোলপুরের লায়েক বাজার সংলগ্ন এলাকায় শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলে লক্ষ্য করে গুলি চালানো হয়।
* ঘটনার বিবরণ: রবিবার দুপুরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার পুনঃনির্মাণ করতে নিয়ে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপরেই গুলি চালাই। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই অভিযুক্ত।




