নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের এক নতুন বিতর্কের জন্ম দিল পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। শনিবার রাতে নিজের সমাজমাধ্যমের পাতায় তিনি এমন এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। আর সেই বিতর্কে ঘি ঢেলে এবার শঙ্কর ঘোষের পাশেই দাঁড়ালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সতীর্থের মন্তব্যকে সরাসরি সমর্থন জানিয়ে দায়িত্বশীলতার পাঠ দিলেন তিনি।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স ছবি পোস্ট করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ছবির একপাশে তাঁর নিজের প্রতিকৃতি এবং অন্যপাশে স্পষ্ট অক্ষরে লেখা “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” ছবির ক্যাপশনেও ঠিক এই একই কথা লিখেছেন তিনি। তবে তিনি ঠিক কাকে নিশানা করে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন, তা পোস্টে খোলসা করেননি। নাম উল্লেখ না করায় শাসক ও বিরোধী সব শিবিরেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। দলেরই কোনও সতীর্থের সাম্প্রতিক বেফাঁস মন্তব্যের জবাবেই কি তাঁর এই কটাক্ষ, তা নিয়ে উঠছে প্রশ্ন।
রবিবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সতীর্থের সুরে সুর মিলিয়ে তিনি মনে করিয়ে দেন, জনপ্রতিনিধি বা মন্ত্রীদের প্রতিটি পদক্ষেপ এবং বক্তব্য সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষের মতে, সমাজের একজন সাধারণ নাগরিকেরও যেমন কিছু দায়বদ্ধতা থাকে, একজন মন্ত্রীর ক্ষেত্রে সেই দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ সাধারণ মানুষ মন্ত্রীদের অনুসরণ করেন।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, “শুধুমাত্র মন্ত্রী নন, সমাজের প্রত্যেক মানুষেরই নিজস্ব সীমার মধ্যে থাকা উচিত। এমন কোনও কথা বলা অনুচিত, যা অন্যকে আঘাত করে কিংবা দেশের সংবিধান ও রীতিনীতির পরম্পরার বাইরে যায়।” তিনি আরও যোগ করেন, যেহেতু মানুষ মন্ত্রীদের দিকে তাকিয়ে থাকেন, তাই তাঁদেরই সবার আগে সংবিধানের আদর্শ মেনে চলা উচিত। মন্ত্রী নিজে যদি নিয়ম না মানেন বা শালীনতার সীমা লঙ্ঘন করেন, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।
দুই মন্ত্রীর এমন প্রকাশ্য অবস্থানে স্বাভাবিক ভাবেই অস্বস্তি বেড়েছে রাজনৈতিক মহলে। শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ বার্তা এবং দিলীপ ঘোষের স্পষ্ট সমর্থনের তীর ঠিক কার দিকে, এখন সেটাই দেখার।




