নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। প্রতিপক্ষ ঋতব্রত-শিবিরকে পাল্টা চাপে ফেলতে রবিবার নির্বাচন কমিশনে তিন ট্রাক ভর্তি নথিপত্র জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই বিপুল পরিমাণ নথি জমা দেওয়ার পরই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে।
কমিশনে ঠিক কী কী নথি জমা পড়েছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতিটি নথির হার্ড ও সফট কপি উভয়ই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখতে এর প্রতিলিপি প্রতিপক্ষ শিবিরকেও পাঠানো হবে। জমা দেওয়া নথির তালিকায় রয়েছে লোকসভার ৮ জন ও রাজ্যসভার ৯ জন মিলিয়ে মোট ১৭ জন সাংসদের সই করা হলফনামা। এর পাশাপাশি দলের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে জীবিত ৭ জনের মধ্যে ৬ জনের সমর্থনের নথিও পেশ করা হয়েছে। ভিনরাজ্যের সমর্থন হিসেবে মেঘালয় ও অসমের ৫ জন করে মোট ১০ জন বিধায়কের হলফনামা জমা পড়েছে। এছাড়াও রাজ্যের অসংখ্য কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধি এবং দুই লক্ষেরও বেশি প্রাথমিক সদস্যের সমর্থনের হলফনামা স্ট্যাম্প পেপারে ছবিসহ ভোটার কার্ডের প্রতিলিপি যুক্ত করে কমিশনে দেওয়া হয়েছে।
তবে এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ৮০ জন প্রার্থী জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে দলবদলের জেরে প্রথমে ৫০ জন এবং পরে আরও কয়েকজন বিধায়ক ঋতব্রত-শিবিরে যোগ দেন বলে জানা যায়। ঋত-শিবিরের নেতাদের দাবি অনুযায়ী, তাঁদের পক্ষে বিধায়কের সংখ্যা ৬০-এর বেশি। সেই অঙ্কে মমতা-শিবিরের হাতে ২০টির বেশি বিধায়ক থাকার কথা নয়। কিন্তু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁরা ৩২ জন বিধায়কের সই করা হলফনামা জমা দিয়েছেন।
স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে, তবে কি ঋত-শিবিরের বিধায়করা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকছেন? এই প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ঋত-শিবিরের একাধিক বিধায়ক ওদিকে সই না করে তাঁদের পক্ষেই সমর্থন জানিয়েছেন। যদিও এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন ঋতব্রত-শিবিরের অন্যতম নেতা শান্তনু সেন। তাঁর পাল্টা দাবি, দলের ৬২ থেকে ৬৪ জন বিধায়কই তাঁদের সঙ্গে অটুট রয়েছেন। দুই শিবিরের এই পরস্পরবিরোধী দাবির মাঝে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কোন পক্ষের নথিকে মান্যতা দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।




