নয়াদিল্লি: আগামী সপ্তাহে চার দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর তাঁর এই মার্কিন সফরে আমেরিকার দুটি প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান—কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনাচক্রে অংশ নেওয়ার কথা রয়েছে। বুধবার শিকাগো থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা এই সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছেন।
স্যাম পিত্রোদা জানিয়েছেন, রাহুল গান্ধীর এই সফরটি অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল এবং মূলত দুটি গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক অনুষ্ঠানে যোগ দিতেই তিনি আমেরিকায় যাচ্ছেন। সফরের দ্বিতীয় দিনে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি ‘ফায়ারসাইড চ্যাট’ বা ঘরোয়া আলোচনায় অংশ নেবেন রাহুল। এই আলোচনার মূল বিষয়বস্তু বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনের উত্থান, তার তাৎপর্য এবং ভারতে এই আন্দোলনগুলিকে কীভাবে দেখা হচ্ছে। এ ছাড়াও গণতন্ত্রের ওপর ছাত্র আন্দোলনের প্রভাব এবং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি ও পরিবেশের মতো বিষয়গুলিতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়েও আলোচনা হবে। পিত্রোদা জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনাটি যথাসময়ে সম্প্রচারও করা হবে।
সফরের তৃতীয় দিনে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিরোধী দলনেতা। সেখানে তাঁর সঙ্গে আলাপচারিতায় থাকবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, ইরান যুদ্ধ এবং সামগ্রিক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অধ্যাপক পেপের নিজস্ব ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে, যা এই আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও এই সফরে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
রাহুল গান্ধীর এই বিদেশ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। বুধবার বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এই সফর নিয়ে প্রশ্ন তুলে রাহুলকে তীব্র কটাক্ষ করেন। ত্রিবেদী বলেন, "এটি নতুন কোনও বিষয় নয়। রাহুল গান্ধীর স্পষ্ট করা উচিত যে তিনি বিদেশে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, নাকি 'ভারত-বিরোধী শক্তির' সঙ্গে বৈঠক করছেন।" বিজেপির অভিযোগ, দেশের নির্বাচনী রাজ্যগুলিতে প্রচার চালানোর বদলে রাহুল বারবার বিদেশ সফরে যান এবং সেখানে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন। ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরের পর এবার তাঁর আমেরিকা যাওয়ার সময় নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।
বিজেপির এই আক্রমণকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন স্যাম পিত্রোদা। তিনি বলেন, "বিদেশে গিয়ে দেশের বদনাম করার অভিযোগটি সম্পূর্ণ ভুয়ো। এখানে কাউকে সমালোচনা করার প্রশ্ন নেই, বরং বাস্তব সত্যটিকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরাই আসল কথা।" পিত্রোদা আরও যুক্তি দেন, বর্তমান বিশ্বে ৮০০ কোটি মানুষ একে অপরের সঙ্গে যুক্ত। তাই কোনও কিছুই আর কেবল 'স্থানীয়' বিষয় হয়ে নেই। স্থানীয় ঘটনা এখন বৈশ্বিক রূপ নিচ্ছে এবং বৈশ্বিক ঘটনার প্রভাব স্থানীয় পর্যায়ে পড়ছে। রাহুল গান্ধীকে একজন 'বিশ্বনেতা' হিসেবে অভিহিত করে পিত্রোদা জানান, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুক্ত আলোচনা হওয়া জরুরি।
উল্লেখ্য, আমেরিকা সফরের ঠিক আগেই আগামী ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা 'ভারত সামিট'-এ যোগ দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।




