নিউজ ডেস্ক: নদীতে লুকিয়ে ছিল ইতিহাসের এক অনন্য নিদর্শন। নর্মদা নদীর জল ও মাটির স্তর সরতেই প্রকাশ্যে এল প্রাগৈতিহাসিক যুগের এক বিশালাকার হাতির জীবাশ্ম। মধ্যপ্রদেশের রায়সেন জেলার দেওরির কাছে এই জীবাশ্মের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান, এটি কোনও প্রাগৈতিহাসিক হাতির নীচের চোয়ালের অংশ। সবচেয়ে চমকপ্রদ বিষয়, জীবাশ্মটি প্রায় ৬৫ লক্ষ বছরের পুরনো বলে মনে করা হচ্ছে।
নর্মদা নদীর তীরে ভাঙনের ফলে মাটির নীচে চাপা পড়ে থাকা এই জীবাশ্মের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। তবে জীবাশ্মটির বেশিরভাগ অংশ এখনও জলের নীচে রয়েছে। ফলে সম্পূর্ণ অবয়ব সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে জীবাশ্মটির মধ্যে দাঁতের চিহ্ন বা দাড় এখনও অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে চাপা থাকার পরেও দাঁতের এমন অবস্থা বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
https://x.com/Ashuu_huu/status/2120814393843921104?a=s9fjMMaPwJNd_WQ43GI&s=20
জীবাশ্মটির যে অংশ বর্তমানে জলের বাইরে দৃশ্যমান, সেটি প্রায় এক ফুট উঁচু এবং দেড় ফুট চওড়া। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বেরেলির মহকুমাশাসক অঙ্কিত কুমার জৈন। জীবাশ্মটির যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেই কারণে ইতিমধ্যেই এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। আপাতত সেটিকে সুরক্ষিত রাখার দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
বিবর্তনের ইতিহাস জানতে এই ধরনের জীবাশ্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নর্মদা উপত্যকা দীর্ঘদিন ধরেই প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই এই আবিষ্কার নতুন করে গবেষণার সম্ভাবনা তৈরি করতে পারে।
জীবাশ্মটির বয়স নিয়ে নিশ্চিত হতে আরও বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণার প্রয়োজন। আপাতত নর্মদার জলতল থেকে উঁকি দেওয়া এই প্রাচীন নিদর্শন ঘিরে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গবেষক মহলেও।




