নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশেই তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। শুধু অভিযোগ তুলেই থেমে থাকেননি কংগ্রেস নেতা। নিজের মোবাইল ফোন তুলে ধরে দাবি করেছেন, এই ফোনেই নাকি তাঁর অভিযোগের সমস্ত প্রমাণ রয়েছে। পাশাপাশি ফের একবার প্রধানমন্ত্রীকে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
শুক্রবার ইনস্টাগ্রামে আয়োজিত একটি অনলাইন ‘আস্ক মি’ ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফোনে নজরদারির প্রসঙ্গ তোলেন তিনি। মোবাইল ফোনটি হাতে তুলে ধরে রাহুল বলেন, “প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।”
তবে নিজের ফোনে নজরদারির অভিযোগের সমর্থনে ওই অনুষ্ঠানে কোনও যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ্যে আনেননি কংগ্রেস নেতা। এর আগেও একাধিকবার তাঁর ফোনে নজরদারির অভিযোগ তুলেছেন রাহুল। ২০২৩ সালে তিনি দাবি করেছিলেন, তাঁর পাশাপাশি বহু বিরোধী নেতার ফোনে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। এমনকী গোয়েন্দা বিভাগের আধিকারিকদের কাছ থেকে ফোনে সতর্কবার্তা পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকার সেই অভিযোগ অস্বীকার করেছিল।
https://x.com/INCIndia/status/2121138444546261203?a=qQALV3zFlG8LxotCVjI&s=08
এদিনের বক্তব্যে আরও একবার প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। তাঁর দাবি, বিদেশি প্রভাব, জাতীয় নিরাপত্তা এবং নির্বাচনী প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকাশ্য বিতর্ক হলেই দেশের সামনে প্রকৃত সত্য উঠে আসবে। কে বিদেশের নিয়ন্ত্রণে রয়েছেন এবং কে দেশবিরোধী, তা নিয়েও বিতর্কের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, গত ১২ দিনের মধ্যে সাতবার প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল। তবে বিজেপি নেতারা বারবার তাঁর এই চ্যালেঞ্জ খারিজ করেছেন। তাঁদের বক্তব্য, সংসদে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর আগে প্রশ্ন তুলেছিলেন, সংসদ থাকতে প্রধানমন্ত্রীকে অন্য কোনও জায়গায় বিতর্কের জন্য আমন্ত্রণ জানানোর প্রয়োজন কী?
রাহুলের এই নতুন অভিযোগ ঘিরে ফের সরগরম জাতীয় রাজনীতি। তবে ফোনে আড়ি পাতার অভিযোগের সত্যতা প্রমাণের জন্য এখনও পর্যন্ত কোনও প্রযুক্তিগত তথ্য সামনে আসেনি। ফলে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এখন নজর কেন্দ্রের প্রতিক্রিয়ার দিকে।




