নিউজ ডেস্ক: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষা, একাধিক প্রযুক্তিগত বাধা এবং উৎপাদন সংক্রান্ত বিলম্ব কাটিয়ে অবশেষে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে পারে দেশীয় যুদ্ধবিমান তেজস Mk1A। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের জানুয়ারিতেই প্রথম এক বা দুটি তেজস Mk1A যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে পারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে আয়োজিত Aero India 2027-এর আগেই এই হস্তান্তর হতে পারে বলে প্রতিরক্ষা মহলে জল্পনা তৈরি হয়েছে।
আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা Aero India 2027। তার কয়েক সপ্তাহ আগে তেজস Mk1A বায়ুসেনার হাতে পৌঁছলে ভারতের দেশীয় যুদ্ধবিমান তৈরির কর্মসূচিতে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হবে। যদিও জানুয়ারিতে হস্তান্তরের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি HAL বা প্রতিরক্ষা মন্ত্রক।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৮৩টি তেজস Mk1A যুদ্ধবিমান তৈরির বরাত দেওয়া হয়েছিল HAL-কে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই এই বিমানগুলি বায়ুসেনার হাতে আসার কথা ছিল। কিন্তু ইঞ্জিন সরবরাহে বিলম্ব এবং বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তিগত ব্যবস্থার সংযুক্তিকরণে সমস্যার কারণে নির্ধারিত সময়সীমা পিছিয়ে যায়।
এই বিলম্বের অন্যতম বড় কারণ আমেরিকার GE Aerospace-এর তৈরি F404-IN20 ইঞ্জিন। ২০২১ সালে ৯৯টি ইঞ্জিনের বরাত দেওয়া হলেও প্রথম ইঞ্জিনটি ভারতে পৌঁছয় ২০২৫ সালের মার্চ মাসে। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১৪টি ইঞ্জিন সরবরাহ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে যুদ্ধবিমান উৎপাদনের গতিও প্রত্যাশার তুলনায় ধীর হয়েছে।
এ ছাড়াও ইজরায়েলি সংস্থা ELTA-র তৈরি EL/M-2052 AESA রাডার সংযুক্তিকরণে কিছু প্রযুক্তিগত কাজ এখনও বাকি রয়েছে। রাডারের সফটওয়্যার এবং অন্যান্য ব্যবস্থার উন্নয়ন নিয়েও কাজ চলছে। দ্রুত বিমানগুলিকে পরিষেবায় আনতে প্রথম কয়েকটি বিমানের ক্ষেত্রে কিছু অসম্পূর্ণ প্রযুক্তিগত শর্তে সাময়িক ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বায়ুসেনা বলে খবর। পরবর্তী সময়ে সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে সেগুলি সম্পূর্ণ করা হতে পারে।
তেজস Mk1A আগের সংস্করণের তুলনায় অনেক বেশি উন্নত। এতে রয়েছে আধুনিক AESA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা এবং মাঝআকাশে জ্বালানি ভরার প্রযুক্তি।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে প্রায় ২৯টি যুদ্ধবিমান স্কোয়াড্রন, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২। ফলে নতুন যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।
এখনও পর্যন্ত মোট ১৮০টি তেজস Mk1A যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৯৭টি যুদ্ধবিমানের জন্য প্রায় ৬২,৩৭০ কোটি টাকার দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
জানুয়ারিতে প্রথম তেজস Mk1A বায়ুসেনার হাতে এলে তা শুধু একটি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি হবে না, বরং ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের জন্যও বড় পদক্ষেপ হয়ে উঠবে।




