নিউজ ডেস্ক: ১৯৬২-র সেই রক্তক্ষয়ী দিনগুলোর কথা আজও ভুলতে পারেননি অরুণাচল প্রদেশের গেকু গ্রামের প্রবীণ বাসিন্দা ওকাম তাইওম। বয়সের ভারে নিজের জন্মসালটাও ঠিকমতো মনে করতে পারেন না, তবু উত্তর-পূর্ব সীমান্তে চিনা লাল ফৌজের অনুপ্রবেশ এবং তির-ধনুক হাতে গ্রামবাসীদের সেই মরণপণ প্রতিরোধের স্মৃতি তাঁর চোখেমুখে আজও স্পষ্ট। কাঠের বাড়ির বারান্দায় বসে কাঁপা গলায় সেই ইতিহাসের গল্প বলছিলেন ওকাম। কিন্তু অতীতের সেই যুদ্ধের চেয়েও এখন তাঁর কাছে বড় হয়ে উঠেছে বর্তমানের এক অস্তিত্বের লড়াই। ওকামদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আপার সিয়াংয়ের প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্প।
সিয়াং নদীর বুকে ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু হতেই আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায়। স্থানীয় আদি জনজাতিগোষ্ঠীর মানুষদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাধারের অতল গর্ভে তলিয়ে যাবে তাঁদের পূর্বপুরুষের ভিটেমাটি, কৃষিজমি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হতে পারেন লক্ষাধিক মানুষ। ওকামের কথায়, যে জমি তাঁরা বংশপরম্পরায় আগলে রেখেছেন, তা হারিয়ে গেলে তাঁদের ইতিহাস ও পরিচিতি সবই মুছে যাবে।
তিব্বতে ব্রহ্মপুত্রের মূল স্রোত ইয়ারলুং সাংপোর ওপর চিন একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। বেজিংয়ের আশ্বাসে ভরসা রাখতে না পেরে নয়াদিল্লিও পাল্টা কৌশল হিসেবে আপার সিয়াং প্রকল্পকে দেশের জল-নিরাপত্তা ও কৌশলগত প্রতিরক্ষার ঢাল হিসেবে দেখছে। আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার অশোক তাজো সরাসরিই জানিয়েছেন,সীমান্তের ওপারে ৫০ কিলোমিটার দূরে চিনা কার্যকলাপের মোকাবিলা করতেই এই বাঁধ অত্যন্ত জরুরি। বিজেপি সাংসদ তাপির গাওয়ের কণ্ঠেও শোনা গিয়েছে অনমনীয় সুর। তাঁর দাবি, বাঁধ তৈরি হবেই।
তবে পরিবেশবিদ এবং স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ ও পরিবেশগতভাবে সংবেদনশীল এই অঞ্চলে এমন দানবীয় বাঁধ তৈরি করা কতটা যুক্তিসঙ্গত? ২০০৮ সালে ইউপিএ আমলে প্রকল্পটি গৃহীত হলেও তীব্র জনরোষের মুখে তা থমকে গিয়েছিল। অভিযোগ, বর্তমান সরকার স্থানীয়দের বাস্তুচ্যুতি ও পরিবেশ ধ্বংসের আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে ‘জাতীয় নিরাপত্তা’র দোহাই দিয়ে প্রকল্পটি চাপিয়ে দিতে চাইছে।
মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জনসমর্থন ছাড়া নির্মাণকাজ শুরু না করার আশ্বাস দিলেও, এলাকায় জোরকদমে চলা সমীক্ষা ও ড্রিলিংয়ের কাজ স্থানীয়দের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। গেকুর ব্যবসায়ী ময়না পাঙ্গকামের মতে, সিয়াং নদী বিপন্ন হলে তার প্রভাব পড়বে গোটা রাজ্যেই। ইতিমধ্যেই প্রকল্পের বিরুদ্ধে দানা বেঁধেছে তীব্র আন্দোলন, বনধ ঘিরে ছড়িয়েছে হিংসাও। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যায্য অধিকারের কথা বললেই তাঁদের ‘দেশদ্রোহী’ বা ‘চিনের চর’ তকমা দেওয়া হচ্ছে, এমনকি নেতাদের বিরুদ্ধে ইউএপিএ-র মতো কঠোর ধারায় মামলাও দায়ের করা হচ্ছে।




