নিউজ ডেস্ক: ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে শেষ মুহূর্তে টিকিট কাটার অভ্যাস রয়েছে বহু যাত্রীর। বিশেষ করে জরুরি প্রয়োজনে তৎকাল টিকিটের উপরেই ভরসা করেন অনেকে। কিন্তু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সেই সুযোগ আর থাকছে না। এই ট্রেনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম চালু করেছে ভারতীয় রেল। ফলে যাত্রার পরিকল্পনা করার আগে যাত্রীদের জেনে নিতে হবে রেলের নতুন নিয়মগুলি।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে কোনও তৎকাল কোটার ব্যবস্থা থাকছে না। অর্থাৎ, যাত্রার একদিন আগে তৎকাল ব্যবস্থায় টিকিট কাটার সুযোগ পাবেন না যাত্রীরা। এই ট্রেনের সমস্ত উপলব্ধ বার্থ সাধারণ সংরক্ষণ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড বা ARP শুরু হওয়ার দিন থেকেই বুকিংয়ের জন্য পাওয়া যাবে সমস্ত উপলব্ধ আসন। মূলত যাত্রীরা যাতে আগে থেকে পরিকল্পনা করে টিকিট কাটতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
শুধু তৎকাল নয়, বন্দে ভারত স্লিপারে থাকছে না RAC এবং ওয়েটিং লিস্টের সুবিধাও। রেলের নিয়ম অনুযায়ী, এই ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিটই দেওয়া হবে। RAC, ওয়েটিং লিস্ট কিংবা আংশিক কনফার্ম টিকিট নিয়ে এই ট্রেনে ওঠার অনুমতি নেই। ফলে টিকিট বুকিংয়ের সময়ই আসন নিশ্চিত করা জরুরি।
এখানেই শেষ নয়, এই ট্রেনে ভাড়ার ক্ষেত্রেও থাকছে বিশেষ নিয়ম। অন্যান্য কিছু প্রিমিয়াম ট্রেনের মতো চাহিদা বাড়লে ভাড়া বাড়ার ডায়নামিক বা ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা নেই বন্দে ভারত স্লিপারে। নির্ধারিত ভাড়াতেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
বর্তমানে হাওড়া-কামাখ্যা, বারাণসী-নয়াদিল্লি এবং বেঙ্গালুরু-মুম্বই রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পরিষেবা চালু রয়েছে। এই ট্রেনের মোট ১৬টি কোচে রয়েছে ৮২৩টি বার্থ। তার মধ্যে ৩ টিয়ার এসিতে ৬১১টি, ২ টিয়ার এসিতে ১৮৮টি এবং ফার্স্ট এসিতে ২৪টি বার্থ রয়েছে।
টিকিট বাতিলের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। যাত্রার ৭২ ঘণ্টার বেশি আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে। ৭২ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে কাটা হবে ৫০ শতাংশ। আর যাত্রার ৮ ঘণ্টার কম সময় আগে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। সেই জন্যই আগে থেকেই বুকিং করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।




