নিউজ ডেস্ক: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আগামী সোমবার দুপুর ২টো পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। শুধু তাই নয়, বাড়ি ভাঙার আগে প্রশাসনের তরফে যে নোটিস দেওয়া হয়েছিল, তার ভিডিয়ো রেকর্ডিংও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের তিনতলা বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল বুধবার, ভাইফোঁটার দিন সকাল থেকে। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে জেলা প্রশাসন এই পদক্ষেপ করে। দু’দিন ধরে বাড়ি ভাঙার কাজ চলে। কিন্তু তাঁকে বা তাঁর পরিবারের কাউকে যথাযথ নোটিস না দিয়েই এই কাজ শুরু হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির।
শুক্রবার মামলার শুনানিতে প্রশাসনের নোটিস দেওয়ার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতির প্রশ্ন, জাহাঙ্গির বর্তমানে জেলবন্দি। তাহলে প্রশাসন কীভাবে নিশ্চিত হল যে ওই বাড়িটি তাঁর? তাঁকে নোটিস দেওয়া হয়েছিল কি না, সেই বিষয়েও রাজ্যের কাছে ব্যাখ্যা চান তিনি।
রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দুই বাসিন্দা বাড়িটি জাহাঙ্গিরের বলে চিহ্নিত করেছিলেন। পাশাপাশি ডাকযোগে নোটিস পাঠানোর কথাও জানানো হয়। তবে জাহাঙ্গিরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল কোনও নোটিস পাননি। তাঁর স্ত্রীও জেলে রয়েছেন এবং তাঁদের ছেলে ওই বাড়িতে থাকেন না।
শুনানিতে বাড়ির মালিকানা এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যান নিয়েও প্রশ্ন ওঠে। বিচারপতি জাহাঙ্গিরের আইনজীবীর কাছে বাড়ির বৈধ নকশা দেখতে চান। পাশাপাশি নকশা চুরি যাওয়ার কথা মামলায় উল্লেখ করা হলেও আগে কেন থানায় অভিযোগ দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।
সব দিক খতিয়ে দেখে বাড়ি ভাঙার আগে প্রশাসনের তরফে নোটিস জারির যে প্রক্রিয়া হয়েছিল, তার ভিডিয়ো রেকর্ডিং আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী সোমবার দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি। ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে বাড়ি ভাঙার কাজ।
উল্লেখ্য, বাড়িটি সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল বলে প্রশাসনের অভিযোগ। অন্যদিকে, নোটিস ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন জাহাঙ্গির। ফলে এখন সোমবারের শুনানির দিকেই নজর রয়েছে।




