মুম্বই: বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক আঙিনায় নজির গড়ার পথে নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। একদিকে মুক্তির মাত্র আট দিনের মাথায় ১০০০ কোটি টাকার ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই ছবি, অন্যদিকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়েও নাম লিখিয়েছে ছবিটি।
‘রামায়ণ: পার্ট ১’-এর নির্মাতারা অস্কারের জন্য ছবিটি জমা দিয়েছেন। চলতি বছর ভারতের তরফে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে অফিশিয়াল এন্ট্রি হিসেবে মারাঠি ছবি ‘গোধল’-কে বেছে নেওয়া হয়েছে। তবে কোনও দেশের অফিশিয়াল এন্ট্রি না হলেও অ্যাকাডেমির নির্দিষ্ট যোগ্যতামান এবং প্রেক্ষাগৃহে প্রদর্শনের শর্ত পূরণ করলে যেকোনও ছবি স্বতন্ত্রভাবে সাধারণ বিভাগে প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারে। সেই নিয়ম মেনেই সেরা ছবি, ভিজ্যুয়াল এফেক্টস (VFX), আবহসঙ্গীত এবং সিনেমাটোগ্রাফির মতো একাধিক বিভাগে মনোনয়নের লক্ষ্যে এগিয়েছে ‘রামায়ণ’।
গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে এই পৌরাণিক মহাকাব্য। প্রথম সাত দিনে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছিল প্রায় ৯৩৪.৫৫ কোটি টাকা। মুক্তির অষ্টম দিনে (বৃহস্পতিবার) অগ্রিম বুকিং এবং স্পট কালেকশনের হাত ধরে বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে ছবিটি। এর ফলে ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর তৃতীয় দ্রুততম ভারতীয় ছবি হিসেবে ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়ল ‘রামায়ণ’।
বিপুল বাজেটে নির্মিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার এ. আর. রহমান এবং বিশ্বখ্যাত হ্যান্স জিমার। বক্স অফিসের অভাবনীয় সাফল্যের পর ২০২৭ সালের ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকায় ‘রামায়ণ’ জায়গা করে নিতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।




