নিউজ ডেস্ক: বলিউডে তাঁর পরিচিতি একসময় ছিল 'সিরিয়াল কিসার' হিসেবে। পর্দায় তাঁর রোম্যান্টিক দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। এমনকী টেলিভিশনে তাঁর সিনেমা দেখানো শুরু হলেই নাকি বাড়ির ছোটদের ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেন অভিভাবকরা! নিজের কেরিয়ারের সেই পুরনো অধ্যায় নিয়েই এবার মজার ছলে মুখ খুললেন অভিনেতা ইমরান হাশমি।
দীর্ঘ প্রায় দুই দশক পর পরিচালক আদিত্য দত্তের সঙ্গে ফের জুটি বাঁধছেন ইমরান। তাঁদের নতুন ছবি 'গানমাস্টার জি৯'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেন অভিনেতা। সেখানেই নিজের অতীতের পর্দার ইমেজ নিয়ে রীতিমতো হাসিঠাট্টা করতে দেখা যায় তাঁকে।
ইমরান জানান, একটা সময় তাঁর সিনেমা টেলিভিশনে সম্প্রচারিত হলেই অভিভাবকরা ঠিক করে ফেলতেন, এবার বাড়ির বাচ্চাদের ঘুমোতে পাঠানোর সময় হয়েছে। নিজের সেই পরিচিতির জন্য সরাসরি পরিচালক আদিত্য দত্তকেই দায়ী করেন অভিনেতা। মজার ছলে তাঁর মন্তব্য, এই সবকিছুর জন্য আদিত্যই দায়ী। আর তার ফল গত ২০ বছর ধরে তাঁকেই ভোগ করতে হচ্ছে। অভিনেতার এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে।
উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া 'আশিক বানায়া আপনে' ছবিতে ইমরান হাশমি ও আদিত্য দত্ত একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবির গান এবং রোম্যান্টিক দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ২১ বছর পর ফের পরিচালক আদিত্য দত্ত এবং সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করছেন ইমরান। অভিনেতার কথায়, একসঙ্গে কাজ করার জন্য তাঁরা বেশ কয়েকটি গল্প নিয়ে আলোচনা করেছিলেন। তবে এমন একটি ছবি করতে চেয়েছিলেন, যা দর্শক হিসেবে নিজেরাও বড় পর্দায় বসে উপভোগ করতে পারবেন।
নতুন ছবি 'গানমাস্টার জি৯'-এ ইমরানের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংকে। অ্যাকশন, রোম্যান্স ও সঙ্গীতের মিশেলে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।




