স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রীড়াপ্রশাসনের স্বচ্ছতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সাম্প্রতিক নির্বাচন ঘিরে সংবিধানের নিয়ম এবং বাস্তবে অনুসৃত পদ্ধতির মধ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তাঁর। ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য শুধু ভালো খেলোয়াড় তৈরি করলেই হবে না, ক্রীড়া প্রশাসনকেও স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হতে হবে। সেই বার্তাই স্পষ্ট করে দিলেন দেশের প্রাক্তন শুটার।
সোমবার ভারতীয় অলিম্পিক সংস্থার আট জন যোগ্য ক্রীড়াবিদ প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। সেই নির্বাচনে ভোট দিলেও নিজে প্রার্থী হননি বিন্দ্রা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে তিনি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, কোনও প্রতিষ্ঠানের শক্তি প্রশ্নহীন পরিবেশে নয়, বরং প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে তার যথাযথ উত্তর দেওয়ার মানসিকতায়।
বিন্দ্রার আপত্তির কেন্দ্রে রয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থার সংবিধানের ৩.৭ নম্বর ধারা। সেখানে বলা হয়েছে, আট জন যোগ্য ক্রীড়াবিদ প্রতিনিধিকে সংস্থার ক্রীড়াবিদ কমিশন নির্বাচন করবে এবং পদাধিকারীদের নির্বাচনের আগে সাধারণ সভায় তাঁদের মনোনয়ন অনুমোদিত হবে। ২০২২ সালের নির্বাচনেও এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।
কিন্তু এ বার সেই নিয়মে বদল দেখা গিয়েছে। সংস্থার ভোটার তালিকায় থাকা ৮০ জন প্রাক্তন ক্রীড়াবিদ সরাসরি ভোট দিয়ে আট জন প্রতিনিধিকে নির্বাচিত করেছেন। অনলাইনে আয়োজিত এই ভোটে অংশ নিয়েছিলেন বিন্দ্রাও। পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন সংস্থার নিযুক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তব।
গত ৩১ অক্টোবরই এই বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষাকে চিঠি লিখেছিলেন বিন্দ্রা। সংবিধানের নিয়মের সঙ্গে নতুন নির্বাচনী বিধির পার্থক্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর নির্দিষ্ট প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলে হতাশা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সি এই অলিম্পিক চ্যাম্পিয়ন।
অন্যদিকে, নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করা তাঁর দায়িত্ব। সংবিধান ও বিধির মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা তাঁর এক্তিয়ারের বাইরে। ফলে বিন্দ্রার প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি। তাঁর দাবি, ভারতীয় ক্রীড়ার অগ্রগতির স্বার্থেই প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়মের স্পষ্টতা নিশ্চিত করা জরুরি।




