স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলে বড় স্বপ্ন রয়েছে, প্রতিভারও অভাব নেই। কিন্তু বিশ্বমঞ্চে সাফল্য পেতে হলে শুধু পেশাদার প্রশিক্ষণ আর বড় বড় পরিকল্পনা করলেই চলবে না। বরং একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে এমনই স্পষ্ট বার্তা দিলেন জার্মানির প্রাক্তন ফুটবলার মার্সেল শ্মেলৎসার। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দীর্ঘদিন খেলা এই কিংবদন্তির মতে, ছোট বয়স থেকেই ফুটবলারদের পেশাদার দলের মতো প্রশিক্ষণ দেওয়ার প্রবণতা বন্ধ করা প্রয়োজন। আগে শিখতে হবে ফুটবলের প্রাথমিক পাঠ। তারপর ধাপে ধাপে এগোতে হবে।
প্রথমবার ভারতে এসে কেরলের কোচিতে একটি ফুটবল প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন শ্মেলৎসার। সেখানেই ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরের পরিস্থিতি কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জার্মানির ফুটবল প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করেছেন প্রাক্তন এই তারকা। তাঁর কথায়, কোচির শিবিরে ১৩-১৪ বছর বয়সি কিশোরদের পাশাপাশি ২৩ বছর বয়সি ফুটবলারদেরও দেখা গিয়েছে। ফলে কে এখনও প্রতিভা হিসেবে নিজেকে তৈরি করছে আর কে ইতিমধ্যেই প্রথম দলের হয়ে খেলছে, তা বোঝা কঠিন হয়ে পড়েছিল। যদিও প্রশিক্ষণ শিবিরের পরিবেশ এবং ছেলেমেয়েদের উৎসাহ তাঁর ভাল লেগেছে।
কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতির রাস্তা কী? শ্মেলৎসারের উত্তর, খুব সাধারণ। পাস দেওয়া, ড্রিবলিং, বলের নিয়ন্ত্রণ, দুই পায়ে খেলা এবং প্রথম স্পর্শের দক্ষতা বাড়াতে হবে। শুধু তাই নয়, ছোটদের বেশি করে খেলতে দিতে হবে। তাঁর মতে, ১১ জনের দল বা ৯ জনের দলের ম্যাচের বদলে তিন বনাম তিন, চার বনাম চার কিংবা সর্বোচ্চ পাঁচ বনাম পাঁচের খেলা বেশি কার্যকর। বড় মাঠে অনেক সময় খেলোয়াড়রা খেলার আড়ালে নিজেদের লুকিয়ে রাখতে পারে। ছোট দলে সেই সুযোগ নেই। প্রত্যেককে বারবার বলের সঙ্গে যুক্ত হতে হয়, সিদ্ধান্ত নিতে হয় এবং পরিস্থিতি সামলাতে হয়।
ভারতের ২০৩১ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শ্মেলৎসারের মতে, এই প্রতিযোগিতায় যারা খেলবে, তাদের অনেকেই এখন ১১-১২ বছরের কিশোর। তাই এখন থেকেই সঠিক প্রশিক্ষণ শুরু করা দরকার। তবে ১২-১৩ বছরের ছেলেদের পেশাদার দলের মতো অনুশীলন করানো একেবারেই উচিত নয়।
ডর্টমুন্ডের এই প্রাক্তন তারকা আরও জানিয়েছেন, কেরলে ফুটবলের প্রতি মানুষের আবেগ তাঁকে মুগ্ধ করেছে। কোচিতে ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের সমর্থকদের একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতাও ছিল দারুণ। তাঁর মতে, ডর্টমুন্ডের সমর্থকরাই দলের দ্বাদশ খেলোয়াড়। দল হারলেও তাঁরা পাশে থাকেন। শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহ জোগান।
ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা জার্মানির বুন্দেশলিগার তুলনায় বেশি কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন শ্মেলৎসার। তাঁর মতে, ইংল্যান্ডের ক্লাবগুলি অনেক আগে থেকেই এশিয়ায় নিজেদের পরিচিতি তৈরি করেছে। পাশাপাশি টেলিভিশনে সম্প্রচারের সুযোগও তারা বেশি পেয়েছে। তাই ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে তাদের পরিচিতি বেশি। তবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে বিদেশি লিগের জনপ্রিয়তার পাশাপাশি দেশের ছোটদের প্রশিক্ষণের ভিতও মজবুত করতে হবে।




