নিউজ ডেস্ক: আমেরিকার সামরিক হামলার হুমকি অব্যাহত থাকলে ইরানে পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারি নিয়ে আলোচনা এগোনো সম্ভব নয়। রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) এমনই জানিয়েছে তেহরান। সংস্থার একটি গোপন রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার সদস্য দেশগুলির মধ্যে রিপোর্টটি ছড়িয়ে দেওয়া হয়।
আইএইএ-র রিপোর্ট অনুযায়ী, ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের তরফে সে দেশের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের ‘ধারাবাহিক, স্পষ্ট এবং প্রকাশ্য হুমকি’ দেওয়া হচ্ছে। বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে নিশানা করার হুমকির মধ্যে পরিদর্শন ফের শুরু করার বিষয়ে আলোচনা সম্ভব নয়। তেহরানের বক্তব্য, বর্তমান পরিস্থিতির মূল কারণগুলির সমাধান না হওয়া এবং স্বাভাবিক পরমাণু নজরদারির প্রয়োজনীয় শর্তগুলি ফিরে না আসা পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না।
২০২৫ সালের জুনে ইজরায়েল ও আমেরিকার হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার পর থেকে ওই কেন্দ্রগুলিতে আইএইএ-র পরিদর্শকদের ঢুকতে দেয়নি তেহরান। হামলার পর ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থাও যাচাই করতে পারেনি সংস্থাটি। তবে ইরান জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে তারা পরমাণু নিরাপত্তা সংক্রান্ত বাধ্যবাধকতা সম্পূর্ণ ভাবে মেনে চলতে প্রস্তুত।
আইএইএ জানিয়েছে, ইরানের পরমাণু কেন্দ্র এবং সেখানে থাকা পারমাণবিক উপাদান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পাওয়া আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধের ক্ষেত্রে উদ্বেগের বিষয়। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। সংস্থার দাবি, অল্প সময়ের নোটিসেই তারা ইরানে ফের নজরদারি শুরু করতে প্রস্তুত।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তথ্য দিলে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার সাম্প্রতিক মার্কিন প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে তেহরান। আইএইএ-কে লেখা চিঠিতে ইরান সংস্থার কাজকর্মের গোপনীয়তা বজায় রাখার উপর জোর দিয়েছে। তাদের বক্তব্য, পরমাণু কর্মসূচি সংক্রান্ত তথ্য যেন প্রকাশ, অপব্যবহার বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার না হয়।
এ দিকে, ইরানের ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নিয়ে উদ্বেগ বাড়িয়েছে আইএইএ। ওই কেন্দ্রের কথা গত জুনে প্রথম সংস্থাকে জানিয়েছিল ইরান। হামলা শুরুর দিনই সেখানে পরিদর্শনে যাওয়ার কথা ছিল পরমাণু বিশেষজ্ঞদের। কিন্তু সামরিক অভিযানের কারণে তা বাতিল হয়। কেন্দ্রটির সঠিক অবস্থান কোথায়, এমনকি সেখানে কোনও পরমাণু উপাদান রয়েছে কি না, তা-ও জানে না আইএইএ।
সংস্থার হিসাব অনুযায়ী, ইরানের হাতে ৬০ শতাংশ বিশুদ্ধতার ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ বিশুদ্ধতায় পৌঁছতে এর পর আর খুব বেশি প্রযুক্তিগত প্রক্রিয়া বাকি থাকে না। আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি আগেই সতর্ক করেছিলেন, এই মজুত থেকে ইরান চাইলে ১০টি পর্যন্ত পরমাণু বোমা তৈরির উপাদান পেতে পারে। তবে তার অর্থ এই নয় যে ইরানের হাতে ইতিমধ্যেই পরমাণু অস্ত্র রয়েছে।
ইরান বরাবরই দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। যদিও আইএইএ এবং পশ্চিমি দেশগুলির অভিযোগ, ২০০৩ সাল পর্যন্ত ইরানের একটি সংগঠিত পরমাণু অস্ত্র কর্মসূচি ছিল।




