স্পোর্টস ডেস্ক: আইপিএলের নতুন মরশুমের আগে দলবদলের বাজারে ফের বড়সড় চমকের সম্ভাবনা। মহম্মদ শামি ও স্যাম কারেনকে ঘিরে একাধিক ক্রিকেটারের বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাজস্থান রয়্যালস। দুই দলের মধ্যে কথাবার্তা বেশ কিছুটা এগোলেও এখনও চূড়ান্ত হয়নি চুক্তি। ফলে শেষ পর্যন্ত কোন ক্রিকেটার কোন দলে খেলবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
শুক্রবার পাওয়া খবর অনুযায়ী, প্রস্তাবিত এই দলবদলে শুধু শামি ও কারেন নন, থাকতে পারেন লখনউয়ের বাঁহাতি স্পিনার মনিমারণ সিদ্ধার্থও। ২৮ বছর বয়সি তামিলনাড়ুর এই ক্রিকেটারকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল লখনউ। এখনও পর্যন্ত আইপিএলে ৯টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৯ উইকেট। ২০২৪ সালে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েও নজর কেড়েছিলেন তিনি। প্রস্তাব অনুযায়ী, সিদ্ধার্থ রাজস্থানে যেতে পারেন। তবে শামি ও কারেনের ভবিষ্যৎ নিয়েই মূলত দুই শিবিরের আলোচনা।
উল্লেখ্য, গত মরশুমের আগেও দলবদলের মাধ্যমে নতুন ঠিকানা খুঁজে নিয়েছিলেন শামি ও কারেন। সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউয়ে এসেছিলেন শামি। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থানে যোগ দিয়েছিলেন কারেন। সেই বিনিময়েই রবীন্দ্র জাডেজা রাজস্থানে যান এবং সঞ্জু স্যামসন যোগ দেন চেন্নাইয়ে। কিন্তু গত মরশুমে চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি কারেন। পরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাওয়ায় তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা।
চেন্নাইয়ের কাছ থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কারেনকে নিয়েছিল রাজস্থান। প্রস্তাবিত নতুন দলবদলেও একই অর্থে তাঁকে ছাড়তে রাজি কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে কারেন নতুন চুক্তিতে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছেন বলে খবর। সেটিও কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে অন্যতম বাধা। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। লখনউয়ের ক্রিকেট বিভাগের কর্তা টম মুডির সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। দ্য হান্ড্রেড ও মরুভূমির ক্রিকেট প্রতিযোগিতায় মুডির প্রশিক্ষণে খেলেছেন তিনি।
এদিকে, যশস্বী জয়সওয়ালকে নিয়েও দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। তবে তাঁকে নিয়ে এখনও কোনও পাকা সিদ্ধান্ত হয়নি। রাজস্থান নাকি আরও এক জন ভারতীয় পেসারকে পেতে চেয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে লখনউয়ের সম্মতি মেলেনি। অন্যদিকে, জয়সওয়ালকে ছাড়ার কথা ভাবলে রাজস্থানের সামনে বিকল্পের অভাব নেই। একাধিক দল ইতিমধ্যেই ভারতীয় ওপেনারকে পেতে আগ্রহ দেখিয়েছে। ফলে শামি-কারেনের সম্ভাব্য দলবদলের পাশাপাশি জয়সওয়ালকে ঘিরেও আগামী দিনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।




