নিউজ ডেস্ক: বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগ ঘিরে এবার বড়সড় বিতর্ক। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা তিন বছর বয়সি বাঘিনি ‘ডুয়ার্স রানি’র গর্ভপাতের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়ে। অভিযোগ, একাধিকবার ঘুমপাড়ানি গুলি বা ট্রাঙ্কুলাইজার ডার্ট প্রয়োগের জেরেই কি গর্ভপাত হয়েছে বাঘিনির? গোটা ঘটনার তদন্তে এবার বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। খতিয়ে দেখা হচ্ছে বাঘিনিকে ধরার সময় থেকে শুরু করে বক্সায় নিয়ে আসা এবং পরবর্তী চিকিৎসা ও নজরদারির প্রতিটি ধাপ।
গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিটিকে ধরা হয়। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাকে পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হয়। ২ অক্টোবর বক্সার জঙ্গলে ছাড়ার উদ্যোগ নেওয়া হলেও পরে ৪ অক্টোবর সে ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে যায়। এরপর অসমের রায়মোনা জঙ্গলে পৌঁছে যায় বাঘিনিটি। প্রায় এক মাস পর, ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার গেলাগুড়ি এলাকার কাছে তাকে ফের ধরতে হয়। সেই সময়ও ব্যবহার করা হয় ঘুমপাড়ানি গুলি।
এরপরই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বন দফতরের সূত্রের দাবি, বাঘিনিটি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তার গর্ভ থেকে তিনটি মৃত ভ্রূণ উদ্ধার হয়েছে। ৭ নভেম্বর রাতে গর্ভপাতের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমবার ধরার সময়ই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? যদি তা-ই হয়, তাহলে চিকিৎসক ও বিশেষজ্ঞদের নজর এড়াল কীভাবে?
তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর প্রথমবার ধরার পর ১ অক্টোবর রেডিয়ো কলার পরানোর জন্য দ্বিতীয়বার এবং ৩ নভেম্বর অসম থেকে ফেরানোর সময় তৃতীয়বার তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছিল। তবে এই ঘুমপাড়ানি ওষুধের কারণেই গর্ভপাত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে, ওষুধের প্রভাব, দীর্ঘ যাত্রা, শারীরিক আঘাত এবং পরিবেশের পরিবর্তন সবকিছুই তদন্ত করে দেখা প্রয়োজন।
রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনির গর্ভপাতের বিষয়ে রাজ্য বন দফতরের কাছে নিশ্চিত তথ্য নেই। দিল্লি থেকে আসা কেন্দ্রীয় দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
এদিকে বাঘিনিকে রাখার ঘেরাটোপ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, সেটি মূলত হরিণ রাখার জন্য তৈরি হয়েছিল। ৮ নভেম্বর সেই ঘেরাটোপের নিচে সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে যায় বাঘিনি।
বর্তমানে বাঘিনিটি বক্সার মূল জঙ্গল এলাকায় রয়েছে। বন দফতরের দাবি, সে স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং শিকারও করছে। কিন্তু গর্ভপাতের অভিযোগ ও পরপর একাধিকবার ঘুমপাড়ানি গুলি প্রয়োগের ঘটনায় বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিকল্পনা এবং চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে, কোথাও গাফিলতি হয়েছিল কি না।




