প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ব্যক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবিত করা। গোয়েন্দা দুনিয়ায় এই কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। প্রাচীন চিনে যার প্রচলিত নাম ছিল ‘মেইরেন জি’ বা ‘সুন্দরী ফাঁদ’। দুই হাজার বছরেরও বেশি পুরনো সেই কৌশল কি আধুনিক প্রযুক্তির দুনিয়াতেও ফিরে এসেছে? এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে।
অবিবাহিত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন জেনসেন হুয়াং। সিঙ্গাপুরে কর্মরত অ্যালিস হুয়াং নামে এক আধিকারিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ওই মহিলার চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহও প্রকাশ করা হয়েছে। এর আগে তিনি মেগাস্পিড নামে একটি ক্লাউড কম্পিউটিং সংস্থায় কাজ করতেন। চিনকে নিষিদ্ধ এআই চিপ সরবরাহে সাহায্য করার অভিযোগে মার্কিন নজরদারিতে রয়েছে ওই সংস্থা।
জেনসেন একটি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। তাঁর অধস্তন এক সংস্থার আধিকারিকের সঙ্গেও দ্বিতীয় একটি সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এর পর ১২ নভেম্বর এনভিডিয়ার পরিচালন পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে চিনের গুপ্তচরবৃত্তির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয়। এনভিডিয়ার তরফে জানানো হয়েছে, সংস্থার গোপন তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার কোনও কারণ তাদের কাছে নেই। অন্য দিকে, চিনের বিদেশ মন্ত্রক গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আমেরিকার বিরুদ্ধে প্রযুক্তিগত অবরোধের অজুহাত তৈরি করার অভিযোগ তুলেছে।
প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’
চিনের সামরিক কৌশলবিষয়ক প্রাচীন গ্রন্থ ‘থার্টি সিক্স স্ট্র্যাটাজেমস’-এর ৩১ নম্বর কৌশল হল ‘মেইরেন জি’। এই কৌশলের মূল কথা, প্রতিপক্ষের ব্যক্তিগত চাহিদা এবং আবেগকে কাজে লাগিয়ে তার বিচারবুদ্ধি দুর্বল করে দেওয়া। শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে তার ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করাই ছিল এই পরিকল্পনার উদ্দেশ্য।
চিনের ইতিহাসে এর অন্যতম পরিচিত উদাহরণ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের। ইউ রাজ্যের রাজা গৌজিয়ানকে পরাজিত করেছিলেন উ রাজ্যের রাজা ফুচাই। প্রতিশোধ নেওয়ার জন্য গোপনে শক্তি বাড়াতে থাকেন গৌজিয়ান। সেই সময় শি শি এবং ঝেং দান নামে দুই সুন্দরী মহিলাকে ফুচাইয়ের কাছে পাঠানো হয়েছিল বলে প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ ‘উ ইউয়ে চুন চিউ’-তে উল্লেখ রয়েছে। উদ্দেশ্য ছিল, তাঁদের প্রতি আকৃষ্ট হয়ে ফুচাই যেন রাজকার্য এবং সামরিক প্রস্তুতি থেকে মন সরিয়ে নেন। শেষ পর্যন্ত ৪৭৩ খ্রিস্টপূর্বাব্দে ইউ রাজ্য উ-কে পরাজিত করে। যদিও উ রাজ্যের পতনের পিছনে একাধিক রাজনৈতিক ও সামরিক কারণ ছিল।
চতুর্দশ শতকের চিনা উপন্যাস ‘রোম্যান্স অব দ্য থ্রি কিংডমস’-এও একই ধরনের কৌশলের উল্লেখ রয়েছে। সেখানে ডং ঝুও নামে এক ক্ষমতাশালী সেনানায়ককে সরাতে ওয়াং ইউন দিয়াওচান নামে এক সুন্দরী মহিলাকে ব্যবহার করেন। ডং ঝুও এবং তাঁর সেনাপতি লু বুর মধ্যে ওই মহিলাকে কেন্দ্র করে সন্দেহ ও ঈর্ষা তৈরি হয়। শেষ পর্যন্ত লু বুর হাতেই মৃত্যু হয় ডং ঝুওর।
আধুনিক গোয়েন্দা দুনিয়ায় হানি ট্র্যাপ
এই কৌশল শুধু চিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থাগুলিও ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ককে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করেছিল। চিনের ক্ষেত্রেও এমন ঘটনার নজির রয়েছে। ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরিসো এবং চিনা অপেরা শিল্পী শি পেই পু-র সম্পর্ক তার অন্যতম উদাহরণ। ১৯৬৪ সালে বেজিংয়ে তাঁদের পরিচয় হয়। দীর্ঘ দিন তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। সেই সময় বুরিসো ফ্রান্সের কূটনৈতিক নথি চিনের হাতে তুলে দিতেন। আশির দশকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দু’জনেরই বিচার হয়।
আরও সাম্প্রতিক উদাহরণ আমেরিকার প্রাক্তন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল এবং ক্রিস্টিন ফ্যাং। চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ ছিল ফ্যাংয়ের বিরুদ্ধে। ২০১৫ সালে সোয়ালওয়েল স্বীকার করেছিলেন, ফ্যাংয়ের সঙ্গে একাধিক বার তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল। সেই সময় সোয়ালওয়েলের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহ এবং তাঁর দফতরে এক জন ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রেও সাহায্য করেছিলেন ফ্যাং।
কেন গুরুত্বপূর্ণ জেনসেন হুয়াং?
এনভিডিয়ার প্রধান হিসাবে জেনসেনের অবস্থান তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়া অন্যতম প্রধান সংস্থা। সামরিক শক্তি থেকে জাতীয় নিরাপত্তা, সব ক্ষেত্রেই এআইয়ের গুরুত্ব বাড়ছে। চিনের কাছে উন্নত এআই চিপের সরবরাহ সীমিত করতে একাধিক বার রফতানি বিধি কঠোর করেছে ওয়াশিংটন। অন্য দিকে, নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে বিপুল বিনিয়োগ করছে বেজিং। কিন্তু উন্নত এআই মডেল তৈরি এবং ডেটা সেন্টার চালানোর জন্য এখনও অত্যাধুনিক চিপের প্রয়োজন রয়েছে চিনের।
এই পরিস্থিতিতে এনভিডিয়ার প্রযুক্তি ও ব্যবসায়িক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থার শীর্ষ কর্তার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দিয়ে গোপন তথ্য বা প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।
তবে জেনসেনের গুরুত্ব কিংবা অ্যালিস হুয়াংয়ের কর্মজীবন কোনওটিই তাঁদের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ করে না। চিনের হয়ে কোনও গোয়েন্দা অভিযান চালানো হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হতে পারে।
প্রাচীন চিনে কোনও শাসকের ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা হত। আধুনিক যুগে সেই একই কৌশলের সম্ভাব্য লক্ষ্য হতে পারেন প্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তারা। সময় বদলেছে, বদলেছে ক্ষমতার উৎসও। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে যত দিন মানুষ থাকবেন, তত দিন ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করার ঝুঁকিও থেকে যাবে।




