নিউজ ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় আগামী মাসে ফ্লোরিডায় জি২০ শীর্ষ সম্মেলনের আগেই চূড়ান্ত হতে পারে। দুই দেশের প্রশাসনের মধ্যেই সেই চুক্তি সম্পন্ন করার আগ্রহ রয়েছে বলে মনে করছেন আমেরিকার প্রাক্তন এক শীর্ষ কূটনীতিক। তবে আলোচনার পথে এখনও বেশ কিছু জটিল বিষয় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রাক্তন সহকারী বিদেশসচিব নিশা বিসওয়াল এক সাক্ষাৎকারে বলেন, ‘সব প্রত্যাশা অনুযায়ী, প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার একটা আগ্রহ রয়েছে। সম্ভবত জি২০ সম্মেলনের মধ্যেই তা হতে পারে।’ আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় জি২০ শীর্ষ সম্মেলন হবে। এ বার সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের ফোনে কথোপকথনের পর বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছিল দুই দেশ। কিন্তু আমেরিকার শুল্কনীতিতে পরিবর্তনের জেরে নতুন করে আলোচনা শুরু হয়। সেই আলোচনা এখনও শেষ হয়নি।
বিসওয়ালের মতে, বাণিজ্য আলোচনা বেশ জটিল। বিশেষ করে বস্ত্রের মতো কয়েকটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার দাবি উঠেছে। এই দাবি কী ভাবে আমেরিকার বর্তমান বাণিজ্যনীতির কাঠামোর মধ্যে সামলানো যায়, তা নিয়ে ওয়াশিংটনকে ভাবতে হবে। তাঁর কথায়, ভারত ও আমেরিকা—দু’টিই অত্যন্ত জটিল অর্থনীতি। তাই অল্প কথায় বা সহজে এই চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়। বেশ কয়েকটি কঠিন বিষয় নিয়ে দরকষাকষি চলছে।
ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনে ভারত-আমেরিকা সম্পর্কের ওঠানামা হয়েছে বলেও মনে করেন বিসওয়াল। তবে তাঁর মতে, ২০২৬ সালে বাণিজ্য আলোচনা গতি পাওয়ার পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয়েছে। গত বছর চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর বৈঠক এবং চলতি বছরে ভারত-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির বিষয়টিও ওয়াশিংটনের নজরে এসেছে।
২০ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্য দিকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেন, আমেরিকার সঙ্গে ভারত সব দিক থেকেই অন্যতম সেরা বাণিজ্য চুক্তি করতে চলেছে।




