নিউজ ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়াল আফগানিস্তান। কাবুলে রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করল তালিবান সরকার। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে মোট ১৫টি সমঝোতাপত্র বা MoU স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলির সম্মিলিত আর্থিক মূল্য প্রায় ১০৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯১৫ কোটি টাকা। আন্তর্জাতিক কূটনীতিতে এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভেরচুকের নেতৃত্বে ৭০ জনেরও বেশি ব্যবসায়ী ও প্রতিনিধির একটি দল কাবুলে পৌঁছয়। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদরের উপস্থিতিতে দুই দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে এই সমঝোতাগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গেও আলোচনা করেন রুশ প্রতিনিধি।
চুক্তি অনুযায়ী, রাশিয়া থেকে ওষুধ, গম, ময়দা এবং রান্নার তেল আমদানি করবে আফগানিস্তান। অন্যদিকে আফগানিস্তান থেকে রাশিয়ায় রফতানি করা হবে বিভিন্ন কৃষিজ পণ্য, বিশেষ করে ডালিম ও অন্যান্য তাজা ফল। দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগের পথও খুলে দিতে চায় তালিবান প্রশাসন।
শুধু বাণিজ্য নয়, আফগানিস্তানের খনিজ সম্পদ, তেল পরিশোধন, পরিকাঠামো এবং উৎপাদন শিল্পেও রাশিয়ার বিনিয়োগ চায় কাবুল। আফগানিস্তানে ছোট আকারের তেল শোধনাগার তৈরির পাশাপাশি খনিজ উত্তোলনে রুশ সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কৃষি, পরিবহণ, সার উৎপাদন এবং জ্বালানি ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম আট মাসে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে ৩৪৯ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। আগের তুলনায় এই বাণিজ্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি। ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক যে দ্রুত নতুন মাত্রা পাচ্ছে, তা স্পষ্ট।
এখানে উল্লেখযোগ্য, ২০২৫ সালের জুলাইয়ে রাশিয়াই প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন আফগানিস্তানের কাছে মস্কোর এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা, নিরাপত্তা এবং জঙ্গি কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো কাবুলের অর্থনৈতিক ও কূটনৈতিক বিকল্প শক্তিশালী করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে এই চুক্তির অর্থ পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা নয়। বরং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন মিত্র ও বাণিজ্যিক অংশীদার খুঁজছে তালিবান সরকার।




