পরকীয়ার একের পর এক অভিযোগে শেষ পর্যন্ত পদ ছাড়তে হয়েছে এনভিডিয়ার দীর্ঘদিনের সিইও জেনসেন হুয়াংকে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং সংস্থার অভ্যন্তরীণ তদন্তের মধ্যেই বৃহস্পতিবার তাঁর পদত্যাগের খবর সামনে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিতর্কের ঝড় থামার আগেই হুয়াংয়ের সমর্থনে সরব হয়েছেন খোদ এনভিডিয়ার একাংশ কর্মী। তাঁদের দাবি, সংস্থার নেতৃত্বে আবার ফিরিয়ে আনা হোক তাঁদের প্রাক্তন বসকে।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকেই সংস্থার নেতৃত্বে ছিলেন ৬৩ বছর বয়সি হুয়াং। তাঁর নেতৃত্বেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুনিয়ায় অন্যতম শক্তিশালী সংস্থায় পরিণত হয়েছে এনভিডিয়া। তাই তাঁর আকস্মিক বিদায়ে কর্মীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।
সংস্থার অভ্যন্তরীণ একটি 'সাজেশন বক্স'-এ হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে কর্মীদের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই পোস্টে ইতিমধ্যেই ১,৬০০-র বেশি মন্তব্য জমা পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীই হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। একজন কর্মীর মন্তব্য, সংস্থার লক্ষ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হোক আসল বসকে। অন্য এক কর্মীর বক্তব্য, মানুষ মাত্রেই ভুল করতে পারে। হুয়াংও ভুল করেছেন, কিন্তু সংস্থার জন্য তাঁর অবদান এবং নেতৃত্বকে উপেক্ষা করা যায় না। তিনি আরও একটি সুযোগ পাওয়ার যোগ্য।
শুধু অভ্যন্তরীণ মন্তব্যেই সীমাবদ্ধ থাকেনি এই সমর্থন। প্রায় দুই ডজন এনভিডিয়া কর্মী সমাজমাধ্যমেও প্রকাশ্যে হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন। এমনকি এক কর্মী গোটা সংস্থার উদ্দেশে ইমেল পাঠিয়ে তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে আরও স্বচ্ছতা দাবি করেছেন। তাঁর বক্তব্য, হুয়াংয়ের নেতৃত্বের প্রতি তাঁর আস্থা এখনও অটুট।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর স্ত্রীকে প্রতারণা করার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছিলেন হুয়াং। পরবর্তী সময়ে তাঁর একাধিক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ সামনে আসে। এর মধ্যে এক মহিলার সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এই সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে।
এদিকে হুয়াংয়ের জায়গায় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তবে কর্মীদের সমর্থন থাকলেই যে হুয়াং ফিরতে পারবেন, এমন নয়। তাঁকে ফেরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সংস্থার পরিচালন পর্ষদকেই। এখন দেখার, কর্মীদের এই আবেগের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করে কি না এনভিডিয়ার বোর্ড।




