নিউজ ডেস্ক: ছটপুজোর আগে যমুনার জল ঘিরে নতুন করে উদ্বেগ। দিল্লির সোনিয়া বিহার এলাকায় নদীর জলে ভেসে উঠল শত শত মরা মাছ। বৃহস্পতিবার, ১২ নভেম্বর এই ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নদীর দূষণ নিয়ে প্রশ্ন উঠতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও আম আদমি পার্টি (AAP)। ছটপুজোর সময় বহু ভক্ত যমুনায় নেমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। তার আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই বাড়িয়েছে উদ্বেগ।
ঘটনার সময় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ, এর ঠিক একদিন আগেই দিল্লিতে উদ্বোধন করা হয়েছিল 'নমো যমুনা রিভার সাফারি'। রাজধানীর প্রথম বিনোদনমূলক নদী ক্রুজ পরিষেবা চালুর পরদিনই নদীতে বিপুল সংখ্যক মরা মাছের ছবি সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে যমুনার জল কতটা পরিষ্কার, তা নিয়ে।
বিজেপির দাবি, ষড়যন্ত্র করে ফেলা হয়েছে মরা মাছ!
দিল্লির পরিবেশমন্ত্রী প্রবেশ ভার্মা এই ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং ছটপুজোর আগে আতঙ্ক ছড়াতেই কেউ ইচ্ছাকৃতভাবে নদীতে মরা মাছ ফেলেছে। ঘটনায় এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এমনকী, এই ঘটনার সঙ্গে আম আদমি পার্টির কর্মীদের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
পাল্টা প্রশ্ন AAP-র
বিজেপির অভিযোগ সরাসরি খারিজ করেছে আম আদমি পার্টি। দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ পাল্টা প্রশ্ন তুলেছেন, মাছ যদি নদীর জলে বাঁচতে না পারে, তাহলে সেই জল মানুষের জন্য কতটা নিরাপদ? তাঁর দাবি, পরিকল্পিতভাবে মাছ ফেলার অভিযোগের স্বপক্ষে প্রমাণ সামনে আনতে হবে। নদীতে রাসায়নিক দূষণের কারণেও মাছের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী শিবির।
কেন মরছে মাছ? বাড়ছে দূষণের আশঙ্কা
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, চামড়ার কারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য নদীতে মিশছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শিল্পবর্জ্য, অপরিশোধিত নিকাশি জল, অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি এবং জলে দ্রবীভূত অক্সিজেনের অভাব মাছের মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, অক্টোবর মাসেও বুরারি এলাকায় যমুনার তীরে বিপুল সংখ্যক মরা মাছ পাওয়া গিয়েছিল। সম্প্রতি সোনিয়া বিহার জল শোধনাগারেও কাঁচা জলে অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধির কারণে সমস্যা দেখা দেয়।
ছটপুজোর আগে তাই যমুনার জল পরীক্ষা করে দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করার দাবি উঠেছে। জল, নদীর তলদেশের পলি এবং মৃত মাছের নমুনা পরীক্ষা করলেই মিলতে পারে আসল উত্তর। আপাতত মরা মাছ ঘিরে রাজনৈতিক তরজা চললেও সবচেয়ে বড় প্রশ্ন, যমুনার জল কি আদৌ নিরাপদ?




