নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও তার পুরো বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হয়নি। ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা প্রতি লিটার মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকাই কেন্দ্রীয় সরকার নিজের কাঁধে নিয়েছে। ফলে গ্রাহকদের জন্য ডিজেলের দাম বেড়েছে মাত্র ৭ টাকা। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, ১২ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ‘কিষান তাক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কৃষক ও সাধারণ মানুষকে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির জেরে কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে যায়। এর ফলে দেশে ডিজেলের দাম লিটারে প্রায় ৫০ টাকা বাড়ানোর চাপ তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই সম্পূর্ণ বোঝা সাধারণ মানুষের উপর চাপায়নি। সম্ভাব্য মূল্যবৃদ্ধির ৪৩ টাকা বহন করেছে সরকার, ফলে বাজারে দাম বেড়েছে মাত্র ৭ টাকা।
প্রতি মাসে ১৪ হাজার কোটি টাকার চাপ সরকারের!
মোদী আরও দাবি করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে কেন্দ্রকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। তাঁর বক্তব্য, একই সময়ে একাধিক প্রতিবেশী দেশে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সেই তুলনায় ভারতে মূল্যবৃদ্ধির প্রভাব সীমিত রাখার চেষ্টা করেছে সরকার।
সারের দাম কম রাখতে ১২ বছরে খরচ ১৬ লক্ষ কোটি!
কৃষকদের আর্থিক সুরক্ষার প্রসঙ্গে সারেও বিপুল ভর্তুকির হিসাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী দামে সার সরবরাহ করতে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র।
উদাহরণ দিয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি সারের দাম যেখানে প্রায় ৫ হাজার টাকা, সেখানে ভারতীয় কৃষকরা তা পাচ্ছেন মাত্র ১,৩০০ টাকায়। একইভাবে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ হাজার টাকা দামের এক বস্তা ইউরিয়া কৃষকদের জন্য ৩০০ টাকারও কম দামে সরবরাহ করা হচ্ছে।
চাষের খরচ কমাতেই বিশেষ নজর
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের আয় বাড়াতে হলে প্রথমেই চাষের খরচ কমাতে হবে। সেই লক্ষ্যেই সৌরচালিত সেচ ব্যবস্থা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বিকল্প ফসল উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। PM-KUSUM প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ সৌর পাম্প কৃষকদের দেওয়া হয়েছে। এতে বিদ্যুতের খরচ কমার পাশাপাশি সৌরশক্তি উৎপাদন থেকেও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
মোদীর বক্তব্য, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি যতই প্রতিকূল হোক, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষিকে লাভজনক করে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণে কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করাই হবে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




