নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় চরম বিপর্যয়। যার জেরে চরম সমস্যায় পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব পড়েছে Microsoft 365-এর একাধিক পরিষেবায়। Outlook, Microsoft Teams, Copilot, SharePoint-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন গ্রাহকরা। শুধু Microsoft-এর নিজস্ব পরিষেবাই নয়, এই বিভ্রাটের প্রভাব পৌঁছে গিয়েছে OpenAI এবং Anthropic-এর মতো AI সংস্থার পরিষেবাতেও।
আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ কাজ শুরু হওয়ার পর থেকেই বিভ্রাটের খবর সামনে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিষেবা সংক্রান্ত সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Downdetector-এ Outlook নিয়ে অভিযোগের সংখ্যা একসময় প্রায় ১ লক্ষ ৩৮ হাজারে পৌঁছে যায়। বহু ব্যবহারকারী ইমেল ইনবক্স খুলতে পারছিলেন না। কেউ ইমেল পাঠানো বা গ্রহণ করতে সমস্যায় পড়েন, আবার অনেকের ক্ষেত্রে পরিষেবা সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। ভারতেও এই বিভ্রাটের প্রভাব পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত ভারত থেকে শত শত অভিযোগ জমা পড়ে Downdetector-এ।
https://x.com/PTI_News/status/2121063956928479465
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সার্ভারগুলো পুনরায় চালু চেষ্টা করছে। Microsoft-এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সার্ভারের নিরাপদ সংযোগ তৈরির একটি প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ তৈরি হওয়াতেই এই সমস্যার সূত্রপাত। এর জেরে একাধিক সার্ভার ঠিকমতো কাজ করতে পারেনি। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মাইক্রোসফ্টের সমস্ত প্রোডাক্ট ও প্ল্যাটফর্মেই সমস্যা দেখা দেয়।
এই বিভ্রাটের প্রভাব পড়েছে OpenAI-এর পরিষেবাতেও। সংস্থার তরফে জানানো হয়েছে, Microsoft-এর সঙ্গে সংযুক্ত কিছু কানেক্টর এবং টুল ব্যবহারে সমস্যা হচ্ছে। নতুন সংযোগ তৈরিতেও বিঘ্ন ঘটছে। তবে ChatGPT সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, এমন নয়। মূলত Microsoft-এর পরিকাঠামোর উপর নির্ভরশীল নির্দিষ্ট কিছু পরিষেবাই প্রভাবিত হয়েছে। একইভাবে Anthropic-এর Microsoft 365 কানেক্টরেও সমস্যা দেখা দিয়েছে। এদিকে, এই ঘটনার পিছনে সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে Microsoft। সংস্থার প্রাথমিক বক্তব্য অনুযায়ী, এটি মূলত প্রযুক্তিগত ত্রুটি এবং সার্ভারের উপর অতিরিক্ত চাপের কারণে তৈরি হওয়া সমস্যা। পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ চালাচ্ছে সংস্থা। তবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী নির্ভরশীল থাকায় এই বিভ্রাট নতুন করে প্রশ্ন তুলেছে বড় প্রযুক্তি সংস্থাগুলির সার্ভার নির্ভরতা এবং পরিষেবার স্থায়িত্ব নিয়ে।




