ফোনের গোপন তথ্য কি শুধুই ফোনের মালিকের কাছেই সীমাবদ্ধ? নাকি আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই ব্যক্তিগত তথ্য পৌঁছে যেতে পারে অন্য কারও হাতে? জাতীয় রাজনীতিতে ফোনে নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগের পর এবার বিদেশী প্রযুক্তি কেনার সরকারি নথি সামনে এনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করালো কংগ্রেস নেতা পবন খেড়া।
সম্প্রতি, ইনস্টাগ্রাম এ 'আস্ক মি' সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, "প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।" যদিও ওই সেশনে নিজের ফোনের নজরদারির কোনও প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ করেননি রাহুল। এরপরেই কংগ্রেস নেতা পবন খেড়া তিনটি বিষয় সামনে এনে কেন্দ্রের নজরদারি সংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের প্রশ্ন তুলেছেন।
প্রথম বিষয়টি হল, 'মেক ইন ইন্ডিয়া' নীতিতে ছাড় দিয়ে বিদেশি প্রযুক্তি কেনার অনুমোদন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন-এর অনুসন্ধান অনুযায়ী, ২০২৬ সালের ৭ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে ন্যাশনাল ফরেনসিক সাইন্সেস ইউনিভার্সিটি এবং কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞানাগার গুলির জন্য মোট ৪২২টি বিদেশি ফরেনসিক সামগ্রি কেনার ক্ষেত্রে এক বছরের ছাড় দেওয়া হয়। এর মধ্যে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিক সংক্রান্ত ১১৮ টি সামগ্রী রয়েছে। পাশাপাশি ২০ জানুয়ারির পৃথক নথিতে এনআইএ-কে ইজরায়েলি সংস্থা সেলব্রাইটের প্রিমিয়াম টুল তিন বছরের লাইসেন্সে প্রায় ৫ কোটি টাকাই কেনার অনুমোদনের উল্লেখ রয়েছে। এই অনুমোদন অবশ্য প্রতিটি পণ্য কেনা বা ব্যবহারের প্রমাণ নয়।
দ্বিতীয়ত, দিল্লি পুলিশের টেন্ডারে ১০০ টিরও বেশি ক্লাউড পরিষেবা থেকে তথ্য উদ্ধারের ক্ষমতা সম্পন্ন সফটওয়্যার এর চাহিদার কথা প্রকাশ্যে এসেছে। গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিন্ডার সহ বিভিন্ন প্লাটফর্মের উল্লেখ রয়েছে। তবে এই প্রযুক্তির উদ্দেশ্য বাজেয়াপ্ত ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে তথ্য উদ্ধার করা। এটি সাধারণ মানুষের ফোনে দূর থেকে নজরদারি চালানোর প্রমাণ নয়।
তৃতীয়ত, পেগাসাস বিতর্কের প্রসঙ্গ তুলেছেন খেড়া। ২০২৩ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ বরদরাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাসের কার্যকলাপের প্রমাণ পেয়েছিল। তবে ২০২২ সালে সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি ২৩ টি ফোন পরীক্ষা করে ৫ টি তে ম্যালওয়্যার পেলেও সেগুলিতে পেগাসাস ব্যবহারের নিশ্চিত প্রমাণ পায়নি।
অন্যদিকে, রাহুলের অভিযোগকে প্রচারের কৌশল বলে কটাক্ষ করেছে বিজেপি। অর্থাৎ বিদেশি ফরেনসিক প্রযুক্তি কেনার সরকারি অনুমোদন এবং নজরদারির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার মতো নথি রয়েছে। কিন্তু, সেই নথি দিয়ে রাহুল গান্ধীর ফোনে বর্তমানে আড়ি পাতার অভিযোগ প্রমাণিত হয় না। এই দুইয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট রাখাই জরুরী।




