নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। গত বছরের ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রের পুনর্গঠনে ২২ কোটি ৫০ লক্ষ শ্রীলঙ্কান রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার কলম্বোয় ভারতীয় হাই কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে।
শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিস্সার সঙ্গে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অনুদানের অর্থে অন্তত ৫০টি মেডিক্যাল কিয়স্ক এবং হেলথ এটিএম সরবরাহ করা হবে। এর মাধ্যমে বিশেষ করে প্রত্যন্ত ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
ভারতীয় হাই কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, এই মেডিক্যাল কিয়স্ক ও হেলথ এটিএমের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে। প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে এবং অসুস্থতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের উপর রোগীর চাপও কমবে।
এর আগে বুধবার শ্রীলঙ্কার জরুরি পরিষেবার জন্য আরও ১০০টি অ্যাম্বুল্যান্স সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই প্রকল্পে ৫২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার অনুদান দেবে নয়াদিল্লি।
বিমস্টেকের প্রথম স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার শ্রীলঙ্কায় পৌঁছেছিলেন নাড্ডা। বুধবার কলম্বোয় অনুষ্ঠিত হয় সেই বৈঠক। বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ—বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে গঠিত এই আঞ্চলিক সংগঠন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ নভেম্বর শ্রীলঙ্কায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দিতওয়া। ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশের ২৫টি জেলাই ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ৬০০-র বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হন ২২ লক্ষেরও বেশি বাসিন্দা। সেই বিপর্যয়ের ক্ষত কাটিয়ে উঠতে পুনর্বাসন ও পরিকাঠামো পুনর্গঠনের কাজে ভারত ধারাবাহিক ভাবে সহযোগিতা করে চলেছে।




