নিউজ ডেস্ক: মস্কোকে চাপে রাখতে এ বার বড়সড় ড্রোন হামলা চালাল ইউক্রেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১২০০টি দূরপাল্লার ড্রোন ছোড়ে কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১৯৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে হামলায় রাশিয়ার তিনটি অঞ্চলে সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক শিশুও। আহত হয়েছেন অন্তত ১৭ জন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছরের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে।
অন্য দিকে, যুদ্ধ থামানোর লক্ষ্যে চলা কূটনৈতিক আলোচনায় এ বার নতুন মাত্রা যোগ হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ইউরোপের বৃহত্তর নিরাপত্তা কাঠামোর বিষয়টিও। ঠান্ডা যুদ্ধের অবসানের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা ইউরোপে চালু রয়েছে, তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। আর তাতেই ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে।
চলতি সপ্তাহে আবু ধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দু’দিনের বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। তার পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ক্রেমলিনে যান মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্য দিকে, আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেও মার্কিন প্রতিনিধিরা তাঁকে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানান। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরও বৈঠক হবে বলে জানিয়েছেন উইটকফ ও কুশনার।
কুশনারের দাবি, আগামী আলোচনায় ইউরোপকেও অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে রাশিয়া। এত দিন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্য করার কারণে ইউরোপীয় দেশগুলিকে আলোচনার পথে বাধা বলে মনে করত মস্কো। কুশনার সমাজমাধ্যমে লিখেছেন, ইউরোপের উপস্থিতিতে যুদ্ধের পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত সমস্যাগুলি একসঙ্গে আলোচনার সুযোগ তৈরি হবে।
তবে এই উদ্যোগ নিয়ে সতর্ক ইউরোপীয় নেতারা। তাঁদের আশঙ্কা, নিরাপত্তা কাঠামোর প্রশ্ন তুলে রাশিয়া ন্যাটোর অস্তিত্ব এবং ইউরোপের বর্তমান নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান কাজা কালাস স্পষ্ট জানিয়েছেন, আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, ‘‘রাশিয়া নিরাপত্তা কাঠামো নিয়ে যে দাবি তুলছে, তা নিয়ে আলোচনা শুরু করলে আমরা আসলে রাশিয়ার পাতা ফাঁদেই পা দেব।’’
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেনও ইউরোপের স্বাধীন অবস্থানের পক্ষে সওয়াল করেছেন। তাঁর কথায়, ‘‘আমেরিকা বা রাশিয়া, কাউকেই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া যায় না।’’ অন্য দিকে, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের পর্যবেক্ষণ, ন্যাটোকে ভেঙে দেওয়া এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামোকে বদলে দেওয়াই মস্কোর অন্যতম লক্ষ্য।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য জানিয়েছেন, ইউরোপের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার আপত্তি নেই। তাঁর বক্তব্য, ইউরোপের প্রকৃত উদ্দেশ্য এবং শান্তি প্রক্রিয়ায় সহযোগিতার মানসিকতা বোঝার পরেই বিস্তৃত পরিসরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
যুদ্ধের ময়দানেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। রাশিয়া বৃহস্পতিবার রাতে ইউক্রেনের উপর ১১৭টি ড্রোন ছোড়ে। তাতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ১৭ বছরের এক কিশোরও রয়েছে। শুক্রবার দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় পাঁচ শিশু-সহ ১৩ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত আবাসনের মধ্যে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। পাঁচতলা দু’টি আবাসনের সামনের অংশ এবং একাধিক ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখা জুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে দু’পক্ষ। রুশ সেনার অগ্রগতি আটকে দিতে ড্রোনের পাশাপাশি স্থলভিত্তিক রোবটও ব্যবহার করছে ইউক্রেন। অন্য দিকে, ইউক্রেনের জনবসতি লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। বিশ্লেষক ও মানবাধিকার সংগঠনগুলির অনুমান, এই যুদ্ধে ইতিমধ্যেই কয়েক লক্ষ সেনা এবং কয়েক হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র:




