নিউজ ডেস্ক: বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের ধারাবাহিক বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ও নিরাপত্তা উদ্বেগ ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে একটি হুমকি ইমেলের মাধ্যমে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো 'জলসা', ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মুম্বইয়ের মেয়রের দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পরই মুম্বই ও পুনে জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৫২ মিনিট নাগাদ reduak079@gmail.com নামে একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে মুম্বইয়ের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জোনাল অফিস, দক্ষিণ মুম্বইয়ের জাভেরি বাজার শাখা এবং কাফ প্যারেডের লোকাল ক্রাইম ব্রাঞ্চের (LCB) দফতরে ইমেলটি পাঠানো হয়। ইমেলের সাবজেক্ট লাইনে দুপুর ১টা ১১ মিনিটে মুম্বইয়ের একটি পিএনবি শাখায় বিস্ফোরণের কথা বলা হয়েছিল। এ ছাড়া দুপুর ২টো ১১ মিনিটে একটি আদালতে এবং বিকেল ৩টে ১১ মিনিটে মেয়রের দফতরে হামলার হুমকি দেওয়া হয়।
অমিতাভ বচ্চনের বাসভবন 'জলসা'-য় গাড়িবোমা হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। পাশাপাশি মুম্বই বিমানবন্দর, মহালক্ষ্মী স্টেডিয়াম এবং আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত হতে চলা জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। ইমেলে আগামী ২৭ নভেম্বর ও ৩১ ডিসেম্বরের উল্লেখ রয়েছে।
'খালিস্তান ন্যাশনাল আর্মি'র যোগসূত্র, পুনেতেও হুমকি
এই হুমকি ইমেলে 'খালিস্তান ন্যাশনাল আর্মি' নামে একটি কথিত সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। একই দিনে ওই সংগঠনের নামে পাঠানো আরও একটি ইমেলে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দফতর, পুনের মেয়রের দফতর এবং পুনে বিমানবন্দরেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তবে এই সংগঠনের অস্তিত্ব কিংবা হুমকির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
হুমকি ইমেল পাওয়ার পরপরই মুম্বই পুলিশ, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং ডগ স্কোয়াড উল্লেখিত স্থানগুলিতে চিরুনি তল্লাশি চালায়। অমিতাভ বচ্চনের 'জলসা', বিএমসি সদর দফতর এবং বিমানবন্দর চত্বর তন্নতন্ন করে খুঁজেও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে এটিকে ভুয়ো হুমকি বলে মনে করা হলেও কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। অমিতাভ বচ্চনের বাংলো-সহ শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোথা থেকে এবং কে এই ইমেল পাঠিয়েছে, তা খুঁজে বের করতে সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার অমিতাভ বচ্চনের বাংলোয় হামলার হুমকি এল। এর আগে গত ২৩ অক্টোবর ও ৬ নভেম্বরও একই ধরনের হুমকি ইমেল ঘিরে মুম্বইয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।




