নিউজ ডেস্ক: একসময় আটলান্টিক মহাসাগরের বুকে গতির রেকর্ড গড়েছিল জাহাজটি। তার যাত্রী তালিকায় ছিলেন হলিউডের তারকা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক, রাজপরিবারের সদস্যরাও। টাইটানিকের থেকেও দৈর্ঘ্যে বড় এই বিলাসবহুল মার্কিন যাত্রীবাহী জাহাজ এবার চিরতরে হারিয়ে গেল সমুদ্রের গভীরে। তবে কোনও দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবেই ডুবিয়ে দেওয়া হল 990 ফুট দীর্ঘ ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসকে (SS United States)। উদ্দেশ্য, তাকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে (Artificial Reef) পরিণত করা। বুধবার, 11 নভেম্বর আমেরিকার ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে এই অভিযান সম্পন্ন হয়েছে। প্রায় 13.5 মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক প্রাণীদের নতুন আবাসস্থল গড়ে তোলার পাশাপাশি ওই অঞ্চলে পর্যটন ও ডাইভিং শিল্পের প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে।
টাইটানিকের থেকেও 108 ফুট দীর্ঘ
1950-51 সালে আমেরিকার ভার্জিনিয়ায় তৈরি হয়েছিল এসএস ইউনাইটেড স্টেটস। 1952 সালে প্রথম সমুদ্রযাত্রাতেই ইতিহাস তৈরি করে জাহাজটি। আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে দ্রুততম যাত্রীবাহী জাহাজের রেকর্ড গড়েছিল সে। সেই রেকর্ড আজও অক্ষত। প্রায় 41 মাইল প্রতি ঘণ্টা গতিতে আটলান্টিক পাড়ি দিয়ে ব্রিটেনের বিখ্যাত কুইন মেরির রেকর্ড ভেঙে দিয়েছিল জাহাজটি।
জাহাজটির দৈর্ঘ্য প্রায় 990 ফুট বা 302 মিটার। তুলনায় 1912 সালে দুর্ঘটনার কবলে পড়া টাইটানিকের দৈর্ঘ্য ছিল 882 ফুট। অর্থাৎ টাইটানিকের থেকেও 108 ফুট দীর্ঘ ছিল এসএস ইউনাইটেড স্টেটস। একসময় সমুদ্রপথে বিলাসবহুল ভ্রমণের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল এই জাহাজ।
17 বছরের কর্মজীবনে 800-রও বেশি বার আটলান্টিক পাড়ি দিয়েছিল সে। যাত্রী তালিকায় ছিলেন গ্রেস কেলি, এলিজাবেথ টেলর, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটেনের প্রাক্তন রাজা এডওয়ার্ড অষ্টমের মতো পরিচিত ব্যক্তিত্ব। এমনকী 1968 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এই জাহাজে সফর করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও।
বিলাসবহুল জাহাজ থেকে পরিত্যক্ত জলযান
একসময় সমুদ্রের বুকে গতির প্রতীক হয়ে ওঠা জাহাজটির ভাগ্য বদলাতে শুরু করে ষাটের দশকের শেষ দিকে। বিমান পরিষেবার প্রসার এবং আটলান্টিক পাড়ি দেওয়ার ক্ষেত্রে যাত্রীবাহী জাহাজের জনপ্রিয়তা কমে যাওয়ায় 1969 সালে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এসএস ইউনাইটেড স্টেটসের।
এর পর কয়েক দশক ধরে জাহাজটিকে নতুন করে ব্যবহারের নানা পরিকল্পনা নেওয়া হয়েছিল। কখনও ভাসমান হোটেল, কখনও জাদুঘর, কখনও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব সামনে আসে। কিন্তু বিপুল খরচ এবং আর্থিক জটিলতার কারণে কোনও পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি।
দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে নোঙর করে পড়েছিল জাহাজটি। রক্ষণাবেক্ষণ ও বন্দরে রাখার খরচ ক্রমশ বাড়তে থাকে। 2021 সালে প্রতিদিনের বন্দরে রাখার খরচ বেড়ে দাঁড়ায় 1,700 ডলার। ঐতিহাসিক জাহাজটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর্থিক সমস্যার কাছে হার মানতে হয় সংরক্ষণকারীদের।
2024 সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি মাত্র 1 মিলিয়ন ডলারে জাহাজটি কিনে নেয়। তার পরই সেটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে পরিণত করার পরিকল্পনা চূড়ান্ত হয়। জাহাজটিকে প্রথমে ফিলাডেলফিয়া থেকে আলাবামার মোবাইল বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক বছর ধরে চলে ডুবিয়ে দেওয়ার প্রস্তুতি।
কীভাবে ডোবানো হল 990 ফুটের জাহাজ?
ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় 25 মাইল দূরে মেক্সিকো উপসাগরের নির্দিষ্ট জায়গায় ডুবিয়ে দেওয়া হয়েছে জাহাজটিকে। সমুদ্রের প্রায় 180 ফুট গভীরে ঠাঁই হয়েছে তার। তবে এই অভিযান কোনও বিস্ফোরণের মাধ্যমে সম্পন্ন হয়নি। পরিকল্পিতভাবে জাহাজের বিভিন্ন অংশে বড় বড় ছিদ্র তৈরি করা হয়েছিল। 400-রও বেশি জানলা বা পোর্টহোল সরিয়ে ফেলা হয়। ডেকের বিভিন্ন অংশে প্রায় 10 ফুট বাই 10 ফুট আকারের গর্তও তৈরি করা হয়েছিল।
জাহাজের ভিতরে থাকা বিপজ্জনক পদার্থ, জ্বালানি এবং সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে এমন উপকরণ সরিয়ে ফেলা হয়। এর পর নির্দিষ্ট ভাল্ভ খুলে জাহাজের ভিতরে সমুদ্রের জল ঢোকানো হয়। ধীরে ধীরে জল প্রবেশ করে জাহাজটি সমুদ্রের তলায় নেমে যায়। গোটা প্রক্রিয়ায় লক্ষ্য রাখা হয়েছিল, যাতে জাহাজটি সোজাভাবে সমুদ্রের তলায় গিয়ে বসে। জাহাজটির উপরের ডেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 55-60 ফুট গভীরে থাকবে বলে অনুমান।
সমুদ্রের নীচে নতুন বাস্তুতন্ত্র গড়ার পরিকল্পনা
জাহাজটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে পরিণত করার পিছনে রয়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য বাড়ানোর পরিকল্পনা। সমুদ্রের তলায় থাকা বিশালাকার এই কাঠামোকে কেন্দ্র করে ধীরে ধীরে মাছ, প্রবাল, স্পঞ্জ এবং বিভিন্ন সামুদ্রিক অণুজীবের বসতি গড়ে উঠবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
টুনা, মার্লিন, সোর্ডফিশ, গ্রুপার এবং রেড স্ন্যাপারের মতো মাছের জন্য নতুন আশ্রয়স্থল তৈরি হতে পারে। একই সঙ্গে এই কৃত্রিম কাঠামোকে কেন্দ্র করে সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের নতুন পরিবেশ গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এ নিয়ে গবেষণার দায়িত্ব নিয়েছে উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের (WHOI) বিজ্ঞানীরা।
জাহাজের চারপাশে 132টি নির্দিষ্ট জায়গা থেকে জলের নমুনা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জলের রাসায়নিক পরিবর্তন, অণুজীবের উপস্থিতি এবং সামুদ্রিক প্রাণীদের বসতি গড়ে ওঠার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন তাঁরা। একটি বিশাল কৃত্রিম কাঠামো কীভাবে ধীরে ধীরে পূর্ণাঙ্গ সামুদ্রিক বাস্তুতন্ত্রে পরিণত হয়, তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা গুরুত্বপূর্ণ হতে পারে।
পর্যটনেও নতুন সম্ভাবনা দেখছে ফ্লোরিডা
এই প্রকল্পের আর একটি বড় উদ্দেশ্য পর্যটন শিল্পের প্রসার। ডেস্টিন ও ফোর্ট ওয়ালটন বিচ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই প্রায় 500-র বেশি কৃত্রিম প্রবালপ্রাচীর রয়েছে। নতুন সংযোজন এসএস ইউনাইটেড স্টেটসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্কুবা ডাইভিংপ্রেমী ও মাছ ধরার উৎসাহীদের আকর্ষণ করতে চাইছে স্থানীয় প্রশাসন।
এর আগে 2006 সালে ফ্লোরিডার পেনসাকোলা উপকূলে মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত বিমানবাহী রণতরী ইউএসএস ওরিস্কানি ডুবিয়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম প্রবালপ্রাচীর। এত দিন সেটিই ছিল বিশ্বের বৃহত্তম জাহাজভিত্তিক কৃত্রিম প্রবালপ্রাচীর। এসএস ইউনাইটেড স্টেটসের নতুন প্রকল্প সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ইতিহাসের স্মৃতি থাকবে স্থলভাগের জাদুঘরে
জাহাজটি সমুদ্রের গভীরে চলে গেলেও তার ইতিহাস মুছে ফেলতে চাইছে না প্রশাসন। জাহাজের দুটি বিশাল চিমনি, বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী এবং স্মারক নিয়ে স্থলভাগে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে সংরক্ষিত থাকবে জাহাজটির গৌরবময় অতীতের নানা স্মৃতি। এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির প্রেসিডেন্ট এবং জাহাজটির নকশাকার উইলিয়াম ফ্রান্সিস গিবসের নাতনি সুসান গিবসের কথায়, সমুদ্রের নীচে জাহাজটির নতুন জীবন শুরু হলেও তার ইতিহাস বেঁচে থাকবে।
একসময় যে জাহাজ আটলান্টিকের বুকে গতির রেকর্ড গড়েছিল, কয়েক দশক ধরে যার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, শেষ পর্যন্ত সেই জাহাজই পেল এক অভিনব পরিণতি। ইতিহাসের পাতায় তার পরিচয় থাকবে দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে, আর সমুদ্রের গভীরে সে হয়ে উঠবে হাজার হাজার সামুদ্রিক প্রাণীর নতুন আশ্রয়স্থল।




