বিশেষ প্রতিবেদন: করোনা অতিমারির ভয়াবহতা মানুষ দেখেছে চোখের সামনে। কিন্তু বায়ুদূষণ? বছরের পর বছর নিঃশব্দে শরীরের ক্ষতি করে চলেছে বিষাক্ত বাতাস। ফুসফুস থেকে হৃদযন্ত্র, মস্তিষ্ক থেকে রক্তসংবহনতন্ত্র, শরীরের প্রায় প্রতিটি অঙ্গেই তার প্রভাব পড়ছে। এমনকি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের উপরেও পড়ছে দূষণের অভিঘাত। এই পরিস্থিতিতে বায়ুদূষণকে কোভিডের মতোই বড় জনস্বাস্থ্য সঙ্কট হিসেবে বিবেচনা করার পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডা. সৌম্যা স্বামীনাথন। তাঁর মতে, দূষণের ক্ষতি ধীরে ধীরে হয় বলেই মানুষ বিপদের গভীরতা বুঝতে পারছে না। অথচ এই অদৃশ্য বিপদও প্রাণ কেড়ে নেয়।
সংবাদসংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সৌম্যা স্বামীনাথন বলেন, কোভিডের সঙ্গে বায়ুদূষণের একটি বড় পার্থক্য রয়েছে। করোনা অতিমারি আচমকা এসেছিল। অজানা ভাইরাসের সংক্রমণ, দ্রুত অসুস্থ হয়ে পড়া এবং চোখের সামনে মৃত্যুর ঘটনা মানুষকে আতঙ্কিত করেছিল। বায়ুদূষণ তার উল্টো। বছরের অধিকাংশ সময় দূষণ চোখে দেখা যায় না। শীতকালে ধোঁয়াশা তৈরি হলে বিপদ কিছুটা দৃশ্যমান হয়। কিন্তু বছরের বাকি সময়েও বাতাসে বিষাক্ত কণার উপস্থিতি থাকে। ধীরে ধীরে শরীরের ক্ষতি হতে থাকায় মানুষ অনেক সময় তার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে।
ফুসফুসেই আটকে থাকে না দূষণের বিষ
সৌম্যা স্বামীনাথনের বক্তব্য, বায়ুদূষণের প্রভাব শুধু শ্বাসযন্ত্রে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন দূষিত বাতাসে শ্বাস নিলে হাঁপানি, ডায়াবিটিস, হৃদরোগ এবং মস্তিষ্কের নানা সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে অকালমৃত্যুর আশঙ্কাও। দূষণের কারণে হওয়া অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রে অন্য রোগেরও ভূমিকা থাকতে পারে।
ফলে কোনও মৃত্যুর শংসাপত্রে সরাসরি ‘বায়ুদূষণ’ লেখা না থাকলেও তার প্রভাব থেকে যায়। তাঁর মতে, এই কারণেই দূষণকে নিছক পরিবেশগত সমস্যা হিসেবে দেখলে চলবে না। প্রয়োজন কোভিড মোকাবিলার মতোই জরুরি, সমন্বিত এবং বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ।
গর্ভস্থ শিশুর শরীরেও পৌঁছচ্ছে বিষাক্ত কণা
দূষণের সবচেয়ে উদ্বেগজনক প্রভাব পড়ছে শিশুদের উপর। সৌম্যা স্বামীনাথন বিশেষ ভাবে সতর্ক করেছেন গর্ভস্থ শিশুর স্বাস্থ্য নিয়ে। তাঁর বক্তব্য, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে পুষ্টি, যত্ন এবং উপযুক্ত পরিবেশ- সব কিছুরই সমান গুরুত্ব রয়েছে। অথচ গর্ভাবস্থায় মায়ের শরীরে দূষণের প্রভাব পড়লে তার অভিঘাত পৌঁছতে পারে গর্ভস্থ শিশুর কাছেও।
বিশেষ উদ্বেগের কারণ PM2.5।
এই সূক্ষ্ম দূষণকণার আকার মানুষের চুলের ব্যাসের প্রায় ১/৪০ ভাগ। এতটাই ক্ষুদ্র যে ফুসফুসের গভীরে পৌঁছে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এমনকি প্লাসেন্টা বা গর্ভফুল পর্যন্ত পৌঁছনোর আশঙ্কাও রয়েছে। এর ফলে মায়ের রক্তসংবহনতন্ত্রের উপর প্রভাব পড়তে পারে। দূষিত বাতাসে দীর্ঘদিন থাকা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সময়ের আগে সন্তান প্রসব এবং কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বেশি বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অর্থাৎ, দূষণের ক্ষতি শুরু হতে পারে শিশুর জন্মের আগেই। শৈশবের শারীরিক ও মস্তিষ্কের বিকাশেও তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
AQI নয়, গুরুত্ব পাক স্বাস্থ্যভিত্তিক সূচক
ভারতে বায়ুদূষণ পরিমাপের ক্ষেত্রে প্রচলিত এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI-এর পাশাপাশি আরও স্বাস্থ্যকেন্দ্রিক সূচক চালুর পরামর্শ দিয়েছেন সৌম্যা স্বামীনাথন। তাঁর প্রস্তাব, AQI-এর বদলে বা তার পরিপূরক হিসেবে গুরুত্ব দেওয়া হোক এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স বা AHQI-কে। অর্থাৎ, বাতাসে কোন দূষক কতটা রয়েছে, শুধু তা নয়, সেই দূষণ মানুষের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলতে পারে, সেটিও সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা প্রয়োজন।
বর্তমানে ভারতের AQI নির্ধারণে ৮টি দূষকের মাত্রা বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে PM10, PM2.5, ওজোন, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সিসা এবং অ্যামোনিয়া। তবে WHO-র বায়ুর গুণমান সংক্রান্ত নির্দেশিকার তুলনায় ভারতের গ্রহণযোগ্য দূষণমাত্রার সীমা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, PM2.5-এর ক্ষেত্রে কোনও নিরাপদ মাত্রা নিশ্চিত করা যায় না। অর্থাৎ, দূষণ যত কমানো সম্ভব, স্বাস্থ্যের পক্ষে ততই ভাল।
শীতের কয়েক মাস নয়, সারা বছর চাই লড়াই
সৌম্যা স্বামীনাথনের মতে, বায়ুদূষণ মোকাবিলায় শুধু শীতকালে জরুরি বিধিনিষেধ জারি করে সমস্যার সমাধান সম্ভব নয়। দূষণের উৎস চিহ্নিত করে সারা বছর ধরে ব্যবস্থা নিতে হবে। পরিবহণ, শিল্পক্ষেত্র, বর্জ্য পোড়ানো এবং রান্নার কাজে দূষণ সৃষ্টিকারী জ্বালানির ব্যবহার, সব ক্ষেত্রেই সমন্বিত পদক্ষেপ জরুরি।
তাঁর বক্তব্য, দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকার, বিভিন্ন মন্ত্রক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দূষণের সঙ্গে সম্পর্কিত অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্য এক জায়গায় এনে বিশ্লেষণের ব্যবস্থাও প্রয়োজন। তাতে কোন এলাকায় দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, কারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং কোথায় দ্রুত পদক্ষেপ দরকার, তা চিহ্নিত করা সহজ হবে।
সৌম্যা স্বামীনাথনের সতর্কবার্তার মূল কথা, কোভিডের সময় দেশ যে জরুরি মনোভাব নিয়ে স্বাস্থ্যসঙ্কট মোকাবিলায় নেমেছিল, বায়ুদূষণের ক্ষেত্রেও তেমনই উদ্যোগ প্রয়োজন। কারণ, এই বিপদ আচমকা আসে না বলেই তা কম ভয়াবহ নয়। বরং প্রতিদিনের নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়া বিষাক্ত বাতাসের ক্ষতি অনেক সময় টের পাওয়ার আগেই গভীর হয়ে যায়।




