নিউজ ডেস্ক: তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ব্যক্তিগত জীবনের চাপ, পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, নাকি কর্মক্ষেত্রের কোনও অজানা সমস্যা- কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পৃথক তদন্ত। ইতিমধ্যেই মৃত চিকিৎসকের ঘনিষ্ট মহল থেকে শুরু করে সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তদন্তে এমন কোনও সূত্র মেলেনি, যার থেকে মৃত্যুর নেপথ্যে অন্য কারোর ভূমিকা পাওয়া যায়।
নাগেরবাজারের মডার্ন হোস্টেলে এনআরএস মেডিকেল কলেজের হাউস স্টাফ চিকিৎসক অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে চিকিৎসকের মৃত্যুর কারণ হিসেবে 'অ্যান্টি মর্টেম হ্যাঙ্গিং' এর উল্লেখ রয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে গলায় ফাঁস লাগানোর ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে আত্মহত্যাই প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ।
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তবে অভিজিতের সহকারি এবং ব্যাচমেটদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাঁর কর্ম ক্ষেত্রে কোনও ধরনের সমস্যা বা মানসিক চাপ তৈরি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর আগে তাঁর গতিবিধি এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন অভিজিৎ। ২০২৪ সালে এমবিবিএস শেষ করার পর থেকেই এমবি পরীক্ষায় ভালো রেঙ্ক করার চিন্তা তাঁকে তাড়া করছিল। পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটছিল তাঁর। এমনকি মডার্ন হোস্টেলে আসার আগেও বুধবার হোস্টেল পরিবর্তন করেছিলেন সে।
অভিজিতের ব্যবহৃত মোবাইল ফোনটি ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোনের কল রেকর্ড, মেসেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর মানসিক অবস্থা সম্পর্কে কোনও সূত্র পাওয়া যায় কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের অভিযোগ, দুই দিক মাথায় রেখে এগোচ্ছে পুলিশের তদন্ত।




