নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। একের পর এক মামলায় নতুন করে বিপাকে পড়ছেন তিনি। এবার বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় তাঁকে নতুন করে গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ করল পুলিশ। আর সেই পরিস্থিতিতে নতুন মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না সুমিত। বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মাটি চুরি ও দুর্নীতির অভিযোগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন কালীতলা আশুতিপুর থানার পুলিশ সুমিতকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টে মামলার শুনানিতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য বিষয়টি বিচারপতির নজরে আনেন। তাঁর বক্তব্য, একটি মামলায় গ্রেফতারির পর ফের নতুন মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার দেখানো হচ্ছে। এভাবে একের পর এক মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই আগাম আইনি সুরক্ষার আবেদন জানানো হয়েছিল।
সুমিতের আইনজীবীর তরফে আদালতে আর্জি জানানো হয়, ভবিষ্যতে নতুন কোনও মামলায় যেন তাঁকে গ্রেফতার করা না হয়, সেই মর্মে রক্ষাকবচ দেওয়া হোক। তবে সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে আপাতত এই মামলায় আইনি সুরক্ষা পেলেন না অভিষেকের আপ্তসহায়ক।
এদিন শুনানিতে রাজ্যের পক্ষ থেকেও আদালতে বক্তব্য পেশ করার কথা ছিল। কিন্তু রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বিশেষ কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান সরকারি আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। রাজ্যের বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও জমি দুর্নীতির মামলায় সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি জালিয়াতির অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছিল। সেই মামলার রেশ কাটার আগেই এবার বিষ্ণুপুরের মাটি চুরি সংক্রান্ত অভিযোগে নতুন করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল জেলা পুলিশ।
একই ব্যক্তিকে ঘিরে একাধিক দুর্নীতির মামলার তদন্ত এবং নতুন করে গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলেও স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনও বিচারাধীন এবং সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। সেদিন রাজ্যের বক্তব্য এবং মামলার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর থাকবে রাজনৈতিক ও আইনি মহলের।




