কলকাতা: মন্দিরের জমি দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ, আর তা ঘিরেই এবার বুলডোজার অভিযানের হুঁশিয়ারি! কসবার টেগোর পার্কে আরসালান বিরিয়ানির বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগে সরব হলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, মন্দির হোক বা অন্য কোনও জায়গা, বেআইনিভাবে দখল করা জমি উদ্ধার করতেই হবে। প্রয়োজনে চালাতে হবে বুলডোজারও।
বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে কার্যত কোনও রাখঢাক না করেই নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ। অভিযোগ, টেগোর পার্ক এলাকায় একটি মন্দিরের জমি দখল করে নিজেদের গোডাউনের পরিসর বাড়িয়েছে আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষ। সেই অভিযোগ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, কোনও জমি বেআইনিভাবে দখল করে রাখা হলে তা মুক্ত করতে হবে। তাঁর কথায়, “এ ধরনের যা যা বেদখল হয়েছে, মন্দির হোক অন্য কিছু হোক। বা আর জায়গা নেই সে যদি দখল করে থাকে সেটা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।”
দিলীপের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, এবার কি সত্যিই কসবার আরসালানের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো হবে? যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এমন কোনও অভিযানের কথা ঘোষণা করা হয়নি। পাশাপাশি, জমি দখলের অভিযোগের বিষয়ে আরসালান কর্তৃপক্ষেরও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
উল্লেখ্য, বেআইনি নির্মাণের অভিযোগে এর আগেও বিতর্কে জড়িয়েছে আরসালান গোষ্ঠী। চলতি বছরের এপ্রিল ও মে মাসে পার্ক স্ট্রিটের একটি আরসালান রেস্তরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা পুরসভার তরফে অভিযান চালিয়ে রেস্তরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছিল। এছাড়াও দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরির সামনে ফুটপাত ও সরকারি জমি দখল করে দোকান চালানোর অভিযোগ উঠেছিল সংস্থাটির বিরুদ্ধে।
এদিকে, বৃহস্পতিবারই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় পুরসভা। সেখানে অস্থায়ী টিনের কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়। একই দিনে কলকাতার দুই পৃথক এলাকায় দখলদারি সরাতে বুলডোজার অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।




