নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা। চলে এলোপাথাড়ি গুলি। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে ভয়াবহ গুলির ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হয়েছেন কমপক্ষে চার জন। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ওয়াশিংটনের লোগান সার্কল এলাকায়। এই এলাকা থেকে হোয়াইট হাউস প্রায় এক মাইল দূরে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলিতেও জারি করা হয় লকডাউন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমে ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে একটি জিমের ভিতরে গুলি চলে। সেখানে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। পরে তাঁদের মধ্যে একজনরে মৃত্যু হয়। তারপর রাস্তাতেও চলে গুলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়াশিংটন ডিসি পুলিশ (এমপিডি) এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঘটনায় একজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। বন্দুকবাজদের হামলার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আবেদন জানানো হয়েছে। পুরো ব্লকের বড় একটি অংশ ঘিরে ফেলা হয়েছে। আশপাশের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াশিংটন পুলিশ।




