নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল কমপক্ষে ১৪ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার মধ্যরাতের ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বুধবার মধ্যরাতের কিছুক্ষণ আগে ফুজাইরাহতে প্রবেশের মুখে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা মারে। এর ফলে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি যানবাহনে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। সব মিলিয়ে ২৩টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এর মধ্যে পাঁচটি ছিল ট্রাক।
ফুজাইরাহ পুলিশের তরফে জানানো হয়েছে, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন। নিহতদের পরিচয় জানতে শুরু হয়েছে ডিএনএ পরীক্ষা। মৃতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকও রয়েছেন বলে খবর।
সূত্রের খবর, আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশ।




