স্পোর্টস ডেস্ক: বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বড় পদক্ষেপ করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। রাজ্যের ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে হাত মেলাল তারা। দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। উন্নত প্রশিক্ষণ, আধুনিক অনুশীলন পরিকাঠামো এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করেই এগোতে চায় দুই সংস্থা।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই নতুন অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হয় দলের নতুন জার্সিও। উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের শীর্ষকর্তা এবং ক্রীড়া বিভাগের আধিকারিকরা।
অনুষ্ঠানে ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাইস-অ্যাডামাস গোষ্ঠীর চেয়ারম্যান অধ্যাপক সমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডামাস টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের ডিরেক্টর রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়। কালীঘাট ক্লাবের তরফে ছিলেন বাবলু কোলে। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য এবং সহ-সভাপতি শোভন ভট্টাচার্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে একেবারে ছোট বয়স থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। তাঁদের জন্য থাকবে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা এবং আধুনিক অনুশীলন পরিকাঠামো। পাশাপাশি বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও বাড়ানো হবে। বাংলায় প্রতিভার অভাব নেই। কিন্তু প্রয়োজনীয় সুযোগ এবং পরিকাঠামোর অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ই সঠিক সময়ে নিজেদের মেলে ধরতে পারেন না। সেই সমস্যার সমাধান করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অংশীদারিত্ব নিয়ে আশাবাদী সমিত রায়। তাঁর কথায়, কালীঘাট ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও সুযোগ-সুবিধার মেলবন্ধন ঘটিয়ে বাংলার তরুণ প্রতিভাদের সামনে নতুন রাস্তা খুলে দিতে চান তাঁরা। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের আরও বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই তাঁদের লক্ষ্য।
উল্লেখ্য, খেলাধুলার জগতে ইতিমধ্যেই নিজেদের পরিচিতি তৈরি করেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, দাবা এবং ব্যাডমিন্টনে তাদের দল নিয়মিত অংশগ্রহণ করে। খেলো ইন্ডিয়াতেও অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে পরপর দু'বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাদের। ২০২৫ সালে পুরুষদের দল এবং ২০২৬ সালে মহিলাদের দল এই খেতাব জেতে। পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও দাবা প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে তারা।
শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতে চায় অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। কালীঘাট ক্লাবের সঙ্গে এই নতুন জোট সেই লক্ষ্য পূরণে আরও বড় ভূমিকা নিতে পারে। নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের যৌথ পথচলার সূচনাও হয়ে গেল। এবার লক্ষ্য, বাংলার মাঠ থেকে আগামী দিনের সেরা খেলোয়াড় তুলে আনা।




