নিউজ ডেস্ক: তাইওয়ানকে চিনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে আরও এক বার কঠোর অবস্থান স্পষ্ট করলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, চিনের সম্পূর্ণ পুনর্মিলন নিশ্চিত ভাবেই ঘটবে। এই লক্ষ্য থেকে কোনও ভাবেই সরে আসবে না চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতার দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে শি বুঝিয়ে দিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কোনও জায়গা ছাড়বে না বেজিং।
বৃহস্পতিবার বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চিনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শি। তিনি বলেন, ‘‘তাইওয়ান সমস্যার সমাধান এবং মাতৃভূমির সম্পূর্ণ পুনর্মিলন ঘটানো চিনের কমিউনিস্ট পার্টির অবিচল ঐতিহাসিক দায়িত্ব। একই সঙ্গে তা চিনের প্রতিটি মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা এবং চিনা জাতির মহান পুনর্জাগরণের স্বাভাবিক দাবি।’’ চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এই লক্ষ্য পূরণে কোনও আপস করতে রাজি নয় চিনের নেতৃত্ব।
উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ বলে মনে করে চিন। বেজিংয়ের অবস্থান, দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় যুক্ত করতেই হবে। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে চিন। অন্য দিকে, তাইওয়ান দীর্ঘদিন ধরেই নিজেদের স্বতন্ত্র প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয় বজায় রেখেছে। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত।
তবে শি জানিয়েছেন, তাইওয়ানের বাস্তব পরিস্থিতি এবং সেখানকার মানুষের আবেগ ও স্বার্থের বিষয়টিও বিবেচনা করবে চিন। তাঁর কথায়, ‘‘আমরা তাইওয়ানের বাস্তব পরিস্থিতিকে সম্পূর্ণ গুরুত্ব দেব এবং সেখানকার দেশবাসীর স্বার্থ ও অনুভূতির কথা মাথায় রাখব। কিন্তু কোনও ধরনের তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য একটুও জায়গা ছাড়া হবে না।’’
শি আরও বলেন, তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চিনাদের একজোট হয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করা উচিত। একই সঙ্গে শান্তিপূর্ণ ভাবে দুই পারের সম্পর্কের উন্নয়ন এবং পুনর্মিলনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চিনের প্রেসিডেন্টের বক্তব্য, ‘এক চিন নীতি’ এবং ১৯৯২ সালের ঐকমত্যের ভিত্তিতে তাইওয়ানের বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বেজিং। ১৯৯২ সালের ওই অনানুষ্ঠানিক সমঝোতার মূল বক্তব্য ছিল, চিন একটিই। যদিও তার রাজনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে শি বলেন, চিন শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাঁর হুঁশিয়ারি, ‘‘ইতিহাসের গতিপথ রোখা যায় না। মাতৃভূমির সম্পূর্ণ পুনর্মিলন ঘটবেই এবং তা বাস্তবায়িত হওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।’’ ফলে তাইওয়ান প্রশ্নে চিনের অবস্থান যে আরও এক বার অনড়, তা স্পষ্ট করে দিলেন শি।




