নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ! ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিল ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন এই মন্ত্রিসভার নির্দেশে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, গত এক মাসেরও বেশি সময় ধরে নিরাপত্তা মন্ত্রিসভার কোনও সশরীরে বৈঠক হয়নি। তার মধ্যেই এমন গুরুত্বপূর্ণ সামরিক নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
ইজরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে নিরাপত্তা মন্ত্রিসভার এই নির্দেশের কথা প্রকাশ্যে আসে। গত ৫ অক্টোবরের পর থেকে নিরাপত্তা মন্ত্রিসভার আর কোনও সরাসরি বৈঠক হয়নি। অথচ তার মধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আগামী রবিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে তার আগেই সেনাবাহিনীকে দেওয়া এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
এই পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছেন ইজরায়েলের রাজনৈতিক নেতা গাদি আইজেনকোট। তাঁর দল ইয়াশারের নেতা আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত অক্টোবরে নির্বাচনে নেতানিয়াহুর শাসক জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই দেশটিতে রাজনৈতিক পালাবদলের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কার্যত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নেতানিয়াহু।
আইজেনকোটের বক্তব্য, সরাসরি ও তাৎক্ষণিক কোনও নিরাপত্তার হুমকি না থাকলে এই অন্তর্বর্তী সময়ে নতুন করে সামরিক অভিযান শুরু করা উচিত নয়। তাঁর আশঙ্কা, এমন কোনও সিদ্ধান্ত ইজরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থাকেও বড়সড় ধাক্কা দিতে পারে। নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সেনার শীর্ষ কর্তাদেরও সাংবিধানিক সঙ্কটের মুখে ঠেলে দেওয়া উচিত নয় বলে সতর্ক করেছেন তিনি।
এদিকে, ইরানও পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। দেশটির নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ পর্যায়ের নেতা মহসেন রেজাই জানিয়েছেন, আমেরিকা ফের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় যুক্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলিও ইরানের নিশানায় আসতে পারে। অর্থাৎ সংঘাত নতুন করে শুরু হলে তা শুধু ইজরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার পক্ষপাতী। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। ফলে একদিকে ইজরায়েলের সামরিক প্রস্তুতি, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং আমেরিকার কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। এখন নজর রবিবারের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের দিকে। সেই বৈঠকেই কি চূড়ান্ত হবে পরবর্তী পদক্ষেপ, নাকি শেষ মুহূর্তে যুদ্ধ এড়ানোর পথ খুঁজবে ইজরায়েল?




