স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ গোলের লজ্জার হার। অকল্যান্ডে ভারতীয় ফুটবল দলের রক্ষণ যে কতটা অসহায়, তা আরও একবার সামনে চলে এল। তবে এই বিপর্যয়ের মধ্যেও একা লড়াই চালিয়ে গেলেন গোলকিপার বিশাল কাইথ। একের পর এক আক্রমণ সামলে ছয়টি নিশ্চিত গোল বাঁচালেন তিনি। এমনকী পেনাল্টিও রুখে দিলেন। পাঁচ গোল হজম করলেও কাইথ না থাকলে হারের ব্যবধান আরও বড় হতে পারত। ভারতীয় ফুটবলের এই অন্ধকার সন্ধ্যায় তাই একমাত্র উজ্জ্বল মুখ তিনিই।
বৃহস্পতিবার অকল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে হারল ভারত। ফিফা ক্রমতালিকায় দুই দলের মধ্যে ৫০ ধাপের ব্যবধান। নিউজিল্যান্ড রয়েছে ৮৮ নম্বরে, ভারত ১৩৮। মাঠের লড়াইয়েও সেই ব্যবধান স্পষ্ট হয়ে গেল। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল করে ব্যবধান বাড়ায় তারা।
ম্যাচের পঞ্চম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ভারত। প্রমবীরের পাস থেকে বল দখল করে বাম দিক দিয়ে আক্রমণ তৈরি করে নিউজিল্যান্ড। বক্সের মধ্যে বায়লিসের শট কাইথ আটকালেও ফিরতি বল বিজয় ভার্গিসের শিনে লেগে জালে ঢুকে যায়। ৩৪ মিনিটে জেসি র্যান্ডালের বাঁ পায়ের শটে দ্বিতীয় গোল। বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে ডান পায়ে নিজের দ্বিতীয় গোল করে ভারতীয় রক্ষণকে আরও বিপাকে ফেলেন তিনি।
দ্বিতীয়ার্ধেও ছবির বদল হয়নি। ৫৭ মিনিটে অধিনায়ক ক্রিস উড হেডারে চতুর্থ গোল করেন। ২৪ বছর বয়সি র্যান্ডালের আক্রমণ সামলাতে ভারতীয় রক্ষণ বারবার ব্যর্থ হয়েছে। শেষ গোলটি আসে ৭৪ মিনিটে। লাচলান বেলিসের প্রথম আন্তর্জাতিক গোলেই পাঁচ গোলের ব্যবধান সম্পূর্ণ হয়।
তবে এই ম্যাচে ব্যবধান আরও বাড়তে পারত। ৭৭ মিনিটে আকাশ মিশ্রের হাতে বল লাগায় পেনাল্টি পায় নিউজিল্যান্ড। কিন্তু বিল তুইলোয়ামার শট আটকে দেন কাইথ। ম্যাথিউ গারবেটের শটও দক্ষতায় বাঁচান তিনি। র্যান্ডাল ও উডের দুইয়ের বিরুদ্ধে একার লড়াইয়েও দুর্দান্ত সাহস দেখান ভারতীয় গোলকিপার।
অন্যদিকে, আক্রমণে কার্যত নিষ্প্রভ ছিল ভারত। মনবীর সিংয়ের একটি শট সহজেই আটকে দেন নিউজিল্যান্ডের গোলকিপার অ্যালেক্স পলসেন। লিস্টন কোলাসোর ক্রস থেকেও বিপদ তৈরি হয়নি। ইশারা মিলেছে, রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগেই আরও অনেক উন্নতি প্রয়োজন কোচ খালিদ জামিলের দলের।
বিশ্বকাপ খেলা দলগুলির বিরুদ্ধে সাম্প্রতিক পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে ১৬ গোল হজম করেছে ভারত, গোল করেছে মাত্র দু’টি। পানামার বিরুদ্ধে প্রশংসনীয় ড্রয়ের পরও সেই ধাক্কা সামলানো যায়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার আবারও বুঝিয়ে দিল, আন্তর্জাতিক ফুটবলের উচ্চতায় পৌঁছতে ভারতের সামনে এখনও দীর্ঘ পথ। তবে এই কঠিন সময়ে কাইথের পারফরম্যান্স নতুন করে গোলপোস্টের লড়াই উসকে দিল।




