স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সাত মরশুমের সম্পর্ক, তার পর গুজরাত টাইটান্সে গিয়ে অধিনায়ক হিসেবে সাফল্যের শিখরে ওঠা। কিন্তু পুরনো দলের টানে মুম্বইয়ে ফিরে আসার সিদ্ধান্তই কি হার্দিক পাণ্ডিয়ার কেরিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়াল? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের বক্তব্যে তেমনই ইঙ্গিত। তাঁর মতে, গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাটা ছিল হার্দিকের বড় ভুল। এ বার পাঞ্জাব কিংসে গিয়ে সেই হতাশার অধ্যায় ভুলে নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে ভারতীয় অলরাউন্ডারকে।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই ও পাঞ্জাবের মধ্যে ক্রিকেটার অদলবদল সম্পন্ন হয়েছে। ১৮ কোটি টাকার বিনিময়ে মুম্বই ছেড়ে পাঞ্জাবে যোগ দিয়েছেন হার্দিক। উল্টো দিকে, একই অঙ্কের চুক্তিতে পাঞ্জাব থেকে মুম্বইয়ে গিয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অর্শদীপের। আট মরশুমে ৯৬ ম্যাচে ১১১ উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।
হার্দিকের ক্ষেত্রে অবশ্য এই দলবদল শুধুই জার্সি বদল নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দিয়েই অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ২০২৩ সালেও গুজরাত ফাইনালে পৌঁছেছিল। সেই সময় ৩১ ম্যাচে অধিনায়ক হিসেবে ৮৩৩ রান করেছিলেন হার্দিক। গড় ৩৭.৮৬। ঝুলিতে ছিল ৬টি অর্ধশতরান এবং ১১টি উইকেট।
কিন্তু ২০২৪ সালে মুম্বইয়ে ফিরে অধিনায়কত্ব পাওয়ার পর ছবিটা বদলে যায়। তিন মরশুমে ৩৯ ম্যাচে ৬৪৭ রান, গড় মাত্র ২১.৫৩। বল হাতে ২৯টি উইকেট পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাঁর নেতৃত্বে ২০২৫ সালে মুম্বই প্লে-অফে উঠলেও ২০২৪ ও ২০২৬ সালে দলকে লিগের শেষের দিকে থাকতে হয়েছে।
কাইফের মতে, মুম্বইয়ের সঙ্গে আবেগের সম্পর্কই হয়তো হার্দিককে গুজরাত ছাড়তে প্রভাবিত করেছিল। কিন্তু সেই সিদ্ধান্তের পর তাঁর ব্যাটিং ও অধিনায়কত্ব, দুটোতেই অবনতি হয়েছে। পাঞ্জাবে অধিনায়কত্বের চাপ না থাকায় হার্দিকের সামনে নিজের অলরাউন্ড দক্ষতায় মন দেওয়ার সুযোগ থাকবে।
ব্যাটার, বোলার এবং ম্যাচের শেষ দিকে দায়িত্ব নেওয়া ক্রিকেটার হিসেবে পুরনো ছন্দ ফিরে পাওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য হওয়া উচিত। আইপিএলে ১৬২ ম্যাচে ২৯৫৫ রান ও ৮২ উইকেট রয়েছে হার্দিকের। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে পাঞ্জাবে নতুন ইনিংস শুরু করতে চাইবেন তিনি।




