লখনউ: উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এবার বুলডোজারকে সরাসরি জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু অপরাধ দমনে বা বেআইনি নির্মাণ ভাঙার কাজে নয়, বুলডোজারকে রাজ্যের একটি ‘ব্র্যান্ড’ হিসাবেও তুলে ধরতে চান তিনি। সেই লক্ষ্যেই রাজ্যে বুলডোজার তৈরির কারখানা গড়ার জন্য শিল্প সংস্থাগুলিকে আহ্বান জানালেন যোগী। তাঁর দাবি, উত্তরপ্রদেশে বুলডোজার তৈরি হলে দেশের পাশাপাশি বিদেশেও তার চাহিদা তৈরি হবে। বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় একটি ট্র্যাক্টর কারখানার শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
ট্র্যাক্টরের পাশাপাশি বুলডোজার তৈরির প্রস্তাব
উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ বা ইয়েডা (YEIDA) এলাকায় CNH Industrial-এর নতুন ট্র্যাক্টর তৈরির কারখানা গড়ে উঠছে। সেই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থাটিকে বুলডোজার তৈরিরও প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। যোগীর কথায়, উত্তরপ্রদেশের বুলডোজার ইতিমধ্যেই একটি পরিচিত ব্র্যান্ড হয়ে উঠেছে।
তাই রাজ্যে ট্র্যাক্টরের পাশাপাশি বুলডোজার তৈরি করা হলে দেশের বাজারে তো বটেই, আন্তর্জাতিক বাজারেও তার চাহিদা তৈরি হতে পারে। উল্লেখ্য, অপরাধীদের বিরুদ্ধে অভিযান এবং বেআইনি নির্মাণ উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজার ব্যবহারের কারণে যোগী সরকারের সঙ্গে এই যন্ত্রের নাম কার্যত সমার্থক হয়ে উঠেছে। রাজনৈতিক পরিসরেও বুলডোজার একটি পরিচিত প্রতীকে পরিণত হয়েছে।
মাফিয়ারাজ থেকে আইনের শাসন, দাবি যোগীর
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, 2017 সালের আগে রাজ্যে অরাজকতা, অপরাধ, পিছিয়ে পড়া এবং পরিচয়ের সংকট ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও পরামর্শে উত্তরপ্রদেশ এখন অশান্তির পরিবেশ থেকে উন্নয়ন ও উৎসবের রাজ্যে পরিণত হয়েছে।
যোগীর কথায়, রাজ্যে এখন মাফিয়ারাজের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, পুলিশ নিয়োগ এবং পুলিশের আধুনিকীকরণ আইনশৃঙ্খলার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁর দাবি, এর ফলে দেশ-বিদেশের শিল্প সংস্থাগুলির কাছে বিনিয়োগের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।
1200 কোটি টাকার শিল্প বিনিয়োগ
ইয়েডা অঞ্চলের সেক্টর 8D-তে CNH Industrial-এর নতুন ট্র্যাক্টর কারখানা তৈরি হচ্ছে। প্রায় 100 একর জমিতে গড়ে উঠতে চলা এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 1200 কোটি টাকারও বেশি। মুখ্যমন্ত্রীর দাবি, এই কারখানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উত্তরপ্রদেশে দেশের মোট ট্র্যাক্টর বাজারের প্রায় 18.5 শতাংশের চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই বিনিয়োগ কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাজ্যের আধুনিক উৎপাদন শিল্পকেও শক্তিশালী করবে।
সাড়ে 9 বছরে 50 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব!
শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে যোগী জানান, গত সাড়ে 9 বছরে উত্তরপ্রদেশে 50 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার মধ্যে প্রায় 15 লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। আরও 7.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আগামী শিল্প সম্মেলনের মাধ্যমে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে কারখানার সংখ্যা 14,000 থেকে বেড়ে 35,000 হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (MSME) ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1 কোটি। অন্যদিকে স্টার্টআপের সংখ্যা 120 থেকে বেড়ে 25,000 হয়েছে।
বুলডোজার রাজনীতির বিতর্কও রয়েছে
তবে উত্তরপ্রদেশে বুলডোজারের ব্যবহার নিয়ে বিতর্কও দীর্ঘদিনের। যোগী সরকারের সমর্থকদের একাংশের কাছে এটি অপরাধ ও মাফিয়াদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের প্রতীক। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, অভিযুক্তদের সম্পত্তি ভাঙার ক্ষেত্রে অনেক সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় না। কোনও ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর বাড়ি বা সম্পত্তি ভেঙে দেওয়া যায় কি না, সেই প্রশ্নও উঠেছে।
2024 সালে বুলডোজার অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, কোনও ব্যক্তি অভিযুক্ত হলেও তাঁর বাড়ি আইনসম্মত প্রক্রিয়া ছাড়া ভেঙে দেওয়া যায় না। এমনকি কেউ দোষী সাব্যস্ত হলেও আইন নির্ধারিত পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে। এ বিষয়ে দেশজুড়ে প্রযোজ্য নির্দেশিকা তৈরির কথাও জানিয়েছিল শীর্ষ আদালত।
ফলে বুলডোজারকে শিল্পের ব্র্যান্ড হিসেবে তুলে ধরার যোগীর প্রস্তাব নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্কের অবকাশ তৈরি করেছে। একদিকে রাজ্যে উৎপাদন শিল্প ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য, অন্যদিকে বুলডোজার ব্যবহারের প্রশাসনিক বৈধতা নিয়ে প্রশ্ন, দুইয়ের মাঝেই উত্তরপ্রদেশের এই নতুন ‘ব্র্যান্ডিং’ ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ।




